আঠারো বছর বয়স – সুকান্ত ভট্টাচার্য।

আঠারো বছর বয়স কী দুঃসহ
স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি,
আঠারো বছর বয়সেই অহরহ
বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি।

আঠারো বছর বয়সের নেই ভয়
পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা,
এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়−
আঠারো বছর বয়স জানে না কাঁদা।

এ বয়স জানে রক্তদানের পুণ্য
বাষ্পের বেগে স্টিমারের মতো চলে,
প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য
সঁপে আত্মাকে শপথের কোলাহলে।

আঠারো বছর বয়স ভয়ংকর
তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা,
এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর
এ বয়সে কানে আসে কত মন্ত্রণা।

আঠারো বছর বয়স যে দুর্বার
পথে প্রান্তরে ছোটায় বহু তুফান,
দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার
ক্ষত-বিক্ষত হয় সহস্র প্রাণ।

আঠারো বছর বয়সে আঘাত আসে
অবিশ্রান্ত; একে একে হয় জড়ো,
এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে
এ বয়স কাঁপে বেদনায় থরোথরো।

তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি,
এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে,
বিপদের মুখে এ বয়স অগ্রণী
এ বয়স তবু নতুন কিছু তো করে।

এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়
পথ চলতে এ বয়স যায় না থেমে,
এ বয়সে তাই নেই কোনো সংশয়−
এ দেশের বুকে আঠারো আসুক নেমে।।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সুকান্ত ভট্টাচার্যের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
📢 জরুরি আপডেট: আমাদের সাইটে বর্তমানে টেকনিক্যাল রক্ষণাবেক্ষণ চলছে। ভিজিটরদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।
🛡️

নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ আপডেট

প্রিয় ভিজিটর, আমাদের ওয়েবসাইটে সম্প্রতি কিছু অননুমোদিত বা স্প্যাম পোস্ট দৃশ্যমান হচ্ছে। আমাদের টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে এবং খুব শীঘ্রই সাইটটি সম্পূর্ণ স্বাভাবিক ও সুরক্ষিত অবস্থায় ফিরিয়ে আনা হবে।

✅ নিরাপত্তা নিশ্চিতকরণ: সাইট ভিজিট করলে বা কোনো কনটেন্ট পড়লে আপনার ডিভাইস, ব্রাউজার বা ব্যক্তিগত তথ্যের কোনো ধরনের ক্ষতি বা ঝুঁকি নেই। আপনারা সম্পূর্ণ নিরাপদে ব্রাউজ করতে পারেন।
0
Would love your thoughts, please comment.x
()
x