ঘর – মন্দাক্রান্তা সেন।

ঘর বলতে ছায়ায় ঘেরা বাড়ি
দুয়োর খুলে উঠোনে পা পড়ে
ঘর বলতে ফিরব তাড়াতাড়ি
ঘর বলতে তোমায় মনে পড়ে

ঘর বলতে মাঠের পরে মাঠ
আলোর ধারে রোদ মেলেছে পা
দিঘির কোলে ভাঙা শানের ঘাট
ভাত রেঁধেছি, নাইতে যাবে না?

ঘর বলতে সন্ধে নেমে এলে
পিদিম জ্বেলে বসব পাশাপাশি
নিঝুম পাড়া, আটটা বেজে গেলে
দূরের থেকে শুনব রেলের বাঁশি

ঘর বলতে সমস্ত রাত ধরে
ঘুমের চেয়েও নিবিড় ভালোবাসা
ঘর বলতে তোমার দু’চোখ ভরে
স্বপ্নগুলো কুড়িয়ে নিয়ে আসা

ঘর বলতে এসব খুঁটিনাটি
ঘর বলতে আকাশ থেকে ভূমি
একদিকে পথ, বিষম হাঁটাহাঁটি
পথের শেষে, ঘর বলতে—তুমি

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x