নতুন – শ্রীজাত।

লক্ষ বছর পার করেছি আমি
তোমার হাতেও আদিমকালের শোক…
অতীত জীবন মুহূর্তে আগামী –
এবার কোথাও নতুন কিছু হোক।

সেই তো একই দিনের পরে দিন
পাথরচাপা বয়স বাড়ার ছল…
সেই তো একই সন্ধে উদাসীন
বাড়ি ফেরার গল্প অবিকল।

দেশ ভেঙেছে। ভাগ হয়েছে মন।
মন ভেঙেছে। ছড়িয়ে গেছে তাস…
একলা বসে পড়ব কতক্ষণ
একই গ্রহের একই ইতিহাস?

কেবল জানি, পাল্টাবে না সব।
নতুন কেবল আক্রমণের পথ –
উঠবে সেজে ক্ষমতা-উৎসব
হামলা নিয়ে তৈরি ভবিষ্যৎ!

এরই মধ্যে তোমায় খুঁজি আমি।
এক ঝলকের সম্ভাবনার নাম
অতীত জীবন মুহূর্তে আগামী –
নইলে কি আর চিনতে পারতাম?

আমরা-আমি-তোমরা-তুমি-ওরা
এক চেহারার নানারকম মুখ
পাল্টে যাবার স্রোত চিরকাল চোরা।
নিজের কাছে সবাই আগন্তুক।

তাও কি শীতের আগুন জ্বালাব না?
হাত বাড়িয়ে নেব না তার আঁচ?
কান পাতলেই বাতাসে যায় শোনা –
‘বাঁচতে হলে বাঁচার মতো বাঁচ’!

আজ তাহলে বাঁচারই গান জ্বালি।
আর একটিবার ঝলসে উঠুক চোখ?
তারিখ, সে তো পাল্টে যাবে কালই
সত্যি এবার নতুন কিছু হোক…

আরো কবিতা পড়তে ক্লিক করুন। শ্রীজাতের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x