অতঃপর জেগে থাকি – কামরুন নাহার সিদ্দীকা।

এই শহর কখনো ঘুমাতে যায় না
জেগে থাকে
সে পসারিণীর মতো রুজ মেখে
প্রতীক্ষায় থাকে
নতুন কোনো খদ্দেরের আশায়
রূপজীবী এই শহর চির যৌবনা
নিত্য ভোলায়
প্রেমিককে বিভ্রান্ত বিধ্বস্ত করে
তছনছ করে ভাঙে মন।

তার বুকজুড়ে শ্বাপদেরা
দিয়েছে আঁচড়
দগদগে চিহ্ন এঁকেছে নিষ্ঠুরতায়
খোলা কেশে কীটের নিশ্চিন্ত বসবাস
উটকো গন্ধ আড়াল হয়
সস্তা নকল পারফিউমে।

এ শহরের প্রেমিক বেওয়ারিশ কুকুর
রাত জাগে
চিলের তীক্ষ্ণতায় পাহারা দেয় প্রেমিকাকে
নিঃশর্ত ভালোবাসায়।

যে শহরের গল্প আপনাকে বলছি
আমি তার পুরোনো এক প্রেমিক
তাকে ভালোবেসে আমি পৌনঃপুনিক ফতুর
কোটি টাকার বাজিতে হেরেছি
শরাবন তহুরায় ভুলে থাকতে চেয়েছি
সে আমাকে ঘুমাতে দেয় না
কুঁজো হয়ে বসে আছি অনাদিকাল
মধ্যরাতে অন্ধকার ল্যাম্পপোস্টে
নির্ভার করে নিজেকে
জেগে থাকে কামনার পানপাত্র হয়ে।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। কামরুন নাহার সিদ্দীকার কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x