ডাকতে চেয়েছি – আবু জাফর ওবায়দুল্লাহ।

ওরা রোজ বিকালে
আমার মেয়ের কাছে বেড়াতে আসে।
একটা তিনটা পাঁচটা কবরী।
আমার মেয়ে কবুতরকে কবরী বলে।

মা যখন মারা যান তখন এমন বিশ্রী বয়স ছিল
যে কাঁদতে লজ্জা পেয়েছিলাম।
অথচ এখন শালিক দেখলে মনে হয়
মা রান্না ঘরে পিঠা ভাজছেন।

আমার ভাই যেদিন মুক্তি পেল,
মানুষকে ভালোবাসে বলে সে জেলে গিয়েছিল,
কান্না আর খুশি আমার গলায় আটকে গ্যালো।
কিন্তু আমি একটু কেশে বললাম চল বাড়ি চল।

এই তো সেদিন সেগুন কৃষ্ণচূড়া বোগেনভিলাকে
হত্যা করা হলো।

আমি রাগ করলাম দুঃখ পেলাম
আহা আহা ছাড়া আর কিছুই বলতে পারলাম না।

আমি প্রেমে-অপ্রেমে নারীর কাছে গেছি বলতে চেয়েছি ভালোবাসি,
নারী অপেক্ষা করে মুখ ফিরিয়ে নিয়েছে।
সেই বিশ্রী বয়স থেকে আজ পর্যন্ত
শুধু ডাকতে চেয়েছি কাছে ডাকতে চেয়েছি কাছে ডাকতে চেয়েছি।

আমার মেয়ে কবুতরকে কবরী বলে।
ছোট্ট মুঠোয় কয়েক দানা গম নিয়ে
বাঁশির মতো ডাকে আয় আয় আয়।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। আবু জাফর ওবায়দুল্লাহের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x