সংগ্রাম চলবেই – সিকান্দার আবু জাফর।

জনতার সংগ্রাম চলবেই,
আমাদের সংগ্রাম চলবেই
জনতার সংগ্রাম চলবেই।

হতমানে অপমানে নয়, সম্মুখে সম্মানে
বাঁচবার অধিকার কাড়তে
দাস্যের নির্মোক কাড়তে
অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ
চলবেই চলবেই,
জনতার সংগ্রাম চলবেই
আমাদের সংগ্রাম চলবেই।

প্রতারণা প্রলোভন প্রলেপে
হোক না আঁধার নিচ্ছিদ্র
আমরা তো সময়ের সারথী
নিশিদিন কাটাবো বিনিদ্র।

দিয়েছি তো শান্তি আরো দেব স্বস্তি
দিয়েছি তো সম্ভ্রম আরো দেব অস্থি
প্রয়োজন হলে দেবো এক নদী রক্ত
হোক না পথের বাধা প্রস্তর শক্ত
অবিরাম যাত্রার চির সংঘর্ষে
একদিন সে পাহাড় টলবেই
চলবেই চলবেই,
জনতার সংগ্রাম চলবেই।
আমাদের সংগ্রাম চলবেই।

মৃত্যুর ভৎর্সনা আমরা তো অহরহ শুনছি
আঁধার গোরের ক্ষেতে তবু তো ভোরের বীজ বুনছি
আমাদের বিক্ষত চিত্তে
জীবনে জীবনে অস্তিত্বে
কালনাগ ফণা উৎক্ষিপ্ত
বার বার হলাহল মাখছি,
তবু তো ক্লান্তিহীন যত্নে
তবু তো ক্লান্তিহীন যত্নে
প্রাণের পিপাসাটুকু স্বপ্নে
প্রতিটি দণ্ডে মেলে রাখছি

আমাদের কিবা আছে
কী হবে যে অপচয়
যার সর্বম্বের পণ
কিসে তার পরাজয়?
বন্ধুর পথে দিনান্ত যাত্রী
ভূতের বাঘের ভয়
সে তো আমাদের নয়।

হতে পারি পথশ্রমে আরও বিধ্বস্ত
ধিকৃত নয় তবু চিত্ত
আমরা তো সুস্থির লক্ষ্যের যাত্রী
চলবার আবেগেই তৃপ্ত।
আমাদের পথরেখা দুস্তর দুর্গম
সাথে তবু অগণিত সঙ্গী
বেদনার কোটি কোটি অংশী
আমাদের চোখে চোখে লেলিহান অগ্নি
সকল বিরোধ বিধ্বংসী।

এই কালো রাত্রির সুকঠিন অর্গল
কোনদিন আমরা যে ভাঙবোই
মুক্ত প্রাণের সাড়া জানবোই।
আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে
নূতন অগ্নিশিখা জ্বলবেই
চলবেই চলবেই,
জনতার সংগ্রাম চলবেই
আমাদের সংগ্রাম চলবেই।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সিকান্দার আবু জাফরের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x