মনে রেখো – সাদাত হোসাইন।

আর কখনো হয় নি দেখা, হবেও না।
সেই যে হঠাৎ নদীর ধারে নৌকা এল,
বাদামি রং পালের সাথে তুমুল হাওয়া,
হাওয়ায় সওয়ার ঘোড়ার মতন ঝড়ও এল।
সেই ঝড়ে আর ঘর ভাঙে নি, কেবল বুকের পাড় ভেঙেছে।
যার ভেঙেছে, জানল কেবল একলা সে-ই, আর কেউ না।
আকাশ ভেঙে বৃষ্টি এল গভীর রাতে, দেখল সবাই।
কিন্তু কারও চোখের কোলে ঝরনা নামে রোজ নিশীথে,
দায় পড়ে নি, দেখার কারও-
তোমরা কেবল মেঘলা আকাশ, বৃষ্টিটুকুই দেখতে পারো।
বুকেও যে আকাশ থাকে, সেই আকাশেও মেঘ জমে যায়,
উথালপাথাল ঝড় নেমে যায়, বেহিসেবি বৃষ্টি নামে,
কেউ দেখে না।
পাড় ভাঙা ওই নদীর দুঃখ সবাই জানে,
কেবল কারও বুকে জমা ঢেউটুকু আর কেউ দেখে না।

আর কখনো হয় নি দেখা, হবেও না।
দখিন হাওয়ায় নাও ভেসে যায় তেপান্তরে, তুমিও যাও,
অমন ঢেউয়ে নামব ভেবে হঠাৎ দেখি, সাঁতারটুকুও হয় নি জানা।
সাত সমুদ্র তেরো নদীর ওপার কোথায়, তোমার ঠিকানা?
আর কখনো হয় নি দেখা, হবেও না।

আমি কেবল শিখেছিলাম ভালোবাসতে,
এক শ আকাশ, এক শ নদী, অযুত স্বপ্ন বুকে পুষতে।
কেউ বলে নি, আকাশ এবং নদী মানেই তুমুল
জলোচ্ছ্বাসের আভাস,
সাঁতারটুকুও শিখতে হবে।
নদীর পরে সমুদ্দুরে, নৌকো তোমার জাহাজ হলো,

আমার কেবল সাঁতার শেখার ইচ্ছেটুকুই রয়ে গেল।
হয় নি শেখা।
সবাই কি আর শিখতে পারে?

এই পৃথিবীর জটিল হিসেব পাশ কাটিয়ে সহজ হয়েও কেউ রয়ে যায়।
না-পাওয়াদের দুঃখগুলোও, একলা একা চুপ সয়ে যায়।
হঠাৎ ভীষণ কান্না পেলে, লুকিয়ে ফেলে ঝাপসা দুচোখ,
বৃষ্টি এলে জলের ভেতর লুকিয়ে ফেলে অশ্রু-অসুখ।
তোমরা কেবল ভালো থেকো, ভালোই থেকো।
আর কখনো হয় নি দেখা, হবেও না,
জেনেও এই অবাক বোকা মানুষটাকে
একটু কেবল মনে রেখো। মনে রেখো।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সাদাত হোসাইনের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x