আমি বলছি কিচ্ছু হবে না – আবিদ আজাদ।

আমি বলছি, হবে না। কিছুই হবে না। কিছু হতে পারে না।
কী হবে গণতন্ত্র পেয়ে যদি সাদা গন্ধরাজ ফুলের মতো গার্লস স্কুলের কিশোরীরা
আর কোনোদিন শিউলি কুড়োতে না যায় ভোরবেলা? যদি নক্ষত্ররচিত রাত্রি কবির
উন্মুখ খাতার জন্যে আর না পাঠায় রবি ফসলের দেশের
মতো শস্যভারানত দিন? যদি ভবঘুরে দুপুরের হাওয়ায় আর নৌকোর পালের মতো
ফুলে না ওঠে আমার হাওয়াই শার্ট?
যদি আমার কোটের বোতাম ছুঁয়ে আর উদিত না হয় তোমার চাঁদের মতো
অন্যমনস্ক নখ? কী হবে? কী হবে তাহলে শুধু শুধু গণতন্ত্র পেয়ে?
না, হবে না। আমি বলছি কিছুই হবে না। হতে পারে না।

কী হবে গণতন্ত্র পেয়ে যদি কাঁধে ছুরিকাঘাতের চিহ্ন আর বুকে বুলেটের
জ্যোৎস্নাজ্বলা গর্ত নিয়ে ঝিলের জলে ভেসে থাকে অজ্ঞাত যুবকের লাশ?
যদি শীতের মফস্বল শহর থেকে কাঁচা হাতের লেখা নিয়ে নিরুদ্দেশ ভাইয়ের
ঠিকানা ঘুরে রোজ রোজ ফিরে যায় ছোট বোনের চিঠি?
যদি আমি রুমাল হারিয়ে বারবার ফিরে আসি বিষণ্ণ সন্ধ্যায়
যদি আমি দাঁড়াতে না পারি আর ঝাউগাছের মতো একা
তাহলে হবে না। আমি বলছি হবে না। হতে পারে না।

কী হবে গণতন্ত্র পেয়ে যদি অনুদের রিটায়ার্ড আংকেল আর খুঁজে না পান
তার কমলা রঙের গলাবন্ধগুলি? যদি আর প্রাক্তন আইনগ্রন্থের ভিতর দিয়ে হেঁটে
যেতে যেতে না ওঠে রোদ ঝুনুর দাদুর
তাহলে কী হবে গণতন্ত্র পেয়ে? কী হবে? কী হবে?

আমি জানি মানুষের পাশেই ফুটবে হাসনুহানারা কিন্তু মানুষ আর কোনোদিন ফুটবে না।
আমি জানি মানুষের কাঁধের পাশেই উঠবে চাঁদ কিন্তু মানুষ আর কোনোদিন উঠবে না।
আমি জানি প্রেমিকের কম্পমান আঙুল ঝিরিঝিরি নিশ্বনভরা প্রেমিকার আঙুলের
বদলে গুনবে শুধু গুচ্ছ গুচ্ছ নতুন টাকা।
আমি জানি মায়ের হাতের সুন্দর দুটো কাঁটায় আগামী শীতের জাম্পারগুলি সমাপ্ত
হয়ে আসার আগেই অস্ত যাবে কিশোর—

কিন্তু কিচ্ছু হবে না। তবু কিচ্ছু হবে না।
আমি বলছি হবে না, হবে না। হতে পারে না।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। আবিদ আজাদ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x