কবিতার খাতা
মিস করি না – আর্যতীর্থ।
মিস করিনা , একটুও না, শুনছো গো মা
খুলবে কে আর লক্ষ স্মৃতির গুচ্ছ তোমার,
তোমায় ছাড়া কেটে গেলো সাতটা বছর
প্রকৃতি তো ফাঁক রাখে না সচরাচর ,
জীবন থেকে নেই হয় যেই উপস্থিতি,
অন্য কাজ-এ অন্য লোক-এ ভরাই রীতি,
কাজেই আমার হে জননী, জন্মভূমি,
মিস করি না একটু তোমায়, শুনছো তুমি?
এক শুধু ওই ভোরে যখন বালিশ ছাড়ি
ভাবনা আসে ,এখন কেমন শান্ত বাড়ি,
গানের সুরে যে ঘরখানার জাগতো প্রভাত
তোমার গলায় আনমনা সুর.. রবীন্দ্রনাথ
এখন কেমন নিঝুম-পানা ঝিমিয়ে থাকে
বলছে যেন গান গেলো কই, ডাক না মা’কে।
কিন্তু জেনো , ওই সকালের ভ্রমের বিনা,
মা গো তোমায় একটু আমি মিস করি না।
সকাল বেলায় খাবার বাড়ে কাজের মাসি,
একঘেয়ে যার স্বাদ থাকে না বারোমাসই,
তোমার হাতের একটু ছোঁয়ায় যে অমৃত
এদের সেসব জাদুর কিছু শেখাওনি তো,
বিরস মুখে জিভ এড়িয়ে গলায় ঠুসি,
হারিয়ে গেছে সে রকমারি খাওয়ার খুশি
আড় দেখে নিই ফটোর থেকে দেখছো কিনা
তা ছাড়া মা, তোমায় আমি মিস করি না।
বেরোতে যাই, দোরের কাছে থমকে যাই
সাতটা বছর আর শুনি না ‘ যাওন নাই’
তবুও থামি.. হাওয়ার ভেতর শুনছি যেন
‘যাওন নাই’ .. স্মৃতি এমন নাছোড় কেন,
তোমার কথা আর রুটিনের থোড়বড়ি না,
ঠিক ওটুকুই, তার বেশি মা মিস করি না।
সারাটা দিন নানান কাজে ব্যস্ত থাকি
দুপুরবেলা ফোন আসে না ‘খেলি নাকি?’
মনের ভুলে ফোনের স্ক্রোলে আঙুল থামে
নম্বরটা হয়নি ডিলিট তোমার নামে,
করতে গিয়েও আঙুলটা যায় পিছু হটে
জায়গা তো নেয় ফোনতালিকায় একটা মোটে,
ডিলিট লেখা বাটনটাতে আর সরি না,
কারণ সহজ, তোমায় আমি মিস করি না।
সন্ধেবেলায় ফিরলে বাড়ি ক্লান্ত মনে,
একটু গিয়েই পা দুখানা প্রমাদ গোনে
কাণ্ড দেখো, সেই কবেকার রুটিন মেনে
তোমার ঘরের সামনে আমায় ফেললো এনে
ওই বুঝি ডাক শুনতে পাবো ভেতর থেকে
যা তুই আগে স্নান করে নে ব্যাগটা রেখে,
তারপরে সব বলবি খনে খেতে বসে..
সাতটা বছর রুটিন ভাঙি স্মৃতির দোষে,
আজও জানো সোজা সিঁড়ির পথ ধরি না,
কিন্তু মা গো , তোমায় আমি মিস করি না।
রাত্রিবেলা ঘুম আসে না জলদি প্রায়ই
মগজ জুড়ে ভাবনারা নয় ঘুম-প্রদায়ী
চোখ বুজি তাও, উঠতে হবে সাতসকালে
চমকে উঠি, হাত ঠেকালো কে কপালে.
আধোঘুমে সুবাস আসে যে পন্ডস ক্রিমের
সে সব স্মৃতি অনেক আগের এক রুটিনের
সারাবছর রাখাই থাকে কাছে আমার,
ছোট্টবেলার থেকেই চেনা গন্ধটা মা’র,
সুবাস ছাড়া আর তো কোনো ঘুমপরী না..
ঘুমিয়ে পড়ি , তোমায় কিন্তু মিস করি না।
তারিখ ধরে আজও স্মৃতি না মরসুমী,
ব্যস্ত রুটিন , হে জননী জন্মভূমি..
মিস করি না, একটুও না, শুনছো তুমি?
আরো কবিতা পড়তে ক্লিক করুন। আর্যতীর্থের কবিতা।






