জ্ঞানদাসুন্দরীর বিবাহ বর্ণনা – মল্লিকা সেনগুপ্ত।

বিধবার বিয়ে হবে! সানাই বাজবে!
একি অলপ্পেয়ে কথা বামুনের মুখে!
হাঁ হাঁ করে উঠেছিল পরিজন, পাড়াপ্রতিবেশী
যেদিন বিদ্যেসাগর এলেন প্রথম দিন আমাদের বাড়ি
এগারাে বছরে মেয়ে স্বামীকে খেয়েছে
শাশুড়ি বললে, তুই মর না রাক্কুসি
এমন সময় এল বিদ্যের সাগর, এল ঝড় ঝঞ্ঝা বারি
বিধবার বিয়ে হবে দেখে শুনে, ঘটাপটা করে।
ফিটন হাঁকিয়ে এল বর
চারদিকে ছয়লাপ সেপাইসান্ত্রীরা – পাছে গণ্ডগোল হয়।
শহরের মন্যিগণ্যি বাবুরা এলেন
বিদ্যেসাগর মশাই বড় ব্যস্ত আজ
যেন তার মেয়ের বিবাহ
কতশত জুড়িগাড়ি থামল উঠোনে,
তারসানাই বাজল নুনের ব্যাবসা করে বড়লােক হয়েছেন বাবু
সারা গায়ে নোনা গন্ধ, মনটা সরল তবু, সাদাসিধে – নতুন শ্বশুর
ছেলে হিন্দুকলেজের ছাত্র
রিচার্ডসনের কাছে ইংরাজি শিখেছে
নীতিজ্ঞান দিয়েছেন বাবু ডিরােজিও
এ বাড়িতে বিয়ে হওয়া মহাভাগ্যের
এ বাড়ির অন্নজল মলয়বাহিত
লোকে বলে এত সুখ কপালে সয় না
ঠিক এক বছরের ভারা পূর্ণ হলে
ভালো মানুষের ছেলে স্বর্গে গেল ওলাওঠা হয়ে
জ্ঞান হারালাম আমি, জ্ঞান এল, জ্ঞান গেল, মাথা ঠুকে গেল
অর্ধচেতনায় আমি কতকথা শুনতে পেলাম-
‘অলুক্ষুনে!‘ পোড়ামুখী’
‘কখনো দেকিনি মোরা দু’বার ভাতারখাকি মাগি!’
সানাই বাজছে আমি শুনতে পেলাম । তারসানাই বাজছে।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। মল্লিকা সেনগুপ্তের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x