একটা লোক – সুবোধ সরকার।

একটা লোক
বেতস পাতার মতো রোগা
ধুলোর ভেতর দিয়ে হেঁটে চলেছেন।
আগুনের ভেতর দিয়ে হেঁটে চলেছেন।
ধ্বংসের ভেতর দিয়ে হেঁটে চলেছেন।
দা ও শাবল পেরিয়ে হেঁটে চলেছেন।
পোড়া হাঁড়ি ও ছাড়ানো ভাত পার হয়ে হেঁটে চলেছেন।

একটা পিঁপড়ে এসে তা৺কে বলল :
আমাকে মারতে মারতে মারতে মারতে
ওরা ছোট করে ফেলেছে,
আমি এত ছোট ছিলাম না।

রোগা লোকটা পিঁপড়েকে হাতে তুলে নিলেন
পিঁপড়ে এত ছোট যে আদর করা যায় না
কিন্তু হাতে নিতেই সে হয়ে গেল কাঠবিড়ালি
তারপর লাফাতে লাফাতে সে মিলিয়ে গেল ভারতবর্ষে।

ও কি পিঁপড়ে না নোয়াখালি?
ও কি পিঁপড়ে না বেলেঘাটা?

লোকটা ধুলোর ভেতর দিয়ে চলেছেন।
আফ্রিকা পার হয়ে হেঁটে চলেছেন।
আমেরিকা পার হয়ে হেঁটে চলেছেন।
বিহার পার হয়ে হেঁটে চলেছেন।

হাঁটতে হাঁটতে তিনি গুলিবিদ্ধ হয়ে পড়ে গেলেন।
এক মিনিট বাদে আবার উঠে দাঁড়ালেন
তারপর আবার শুরু করলেন হাঁটতে।
সারা পৃথিবীর ওপর দিয়ে তিনি আজ হেঁটে চলেছেন।

এ ভাবে হাঁটতে আর কাউকে দেখিনি।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সুবোধ সরকারের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x