কবিতার খাতা
ছায়া পথের মানচিত্র – রুমানা শাওন।
কিছু মানচিত্র আঁকা হয় কেবল অন্যের ছায়ায়,
যেখানে নিজের বলতে কোনো সীমানা থাকে না।
বুক জুড়ে জমে থাকা নীরব ক্লান্তি বলে দেয়—
না-বলা কষ্টের ঢেউগুলো কতটা গভীর।
অন্যদের বিশাল চাওয়ার ভীড়ে
নিজের চাওয়াটা বড্ড ক্ষুদ্র, বড্ড সামান্য,
সেইটুকুও পাওয়া ভাগ্যে মেলে না,
বুকের ভেতর জমে থাকে পাহাড়সম ভার।
খুব অল্প কিছু নীরব অনুভবের ছোঁয়া,
নিমেষেই হালকা করে দিতে পারত
পাথরচাপা বুকের মেঘগুলো ।
সেই সামান্যটুকুও
থেকে যায় জীবনভর অধরা ,
সেই ক্ষুদ্র চাওয়াই
হয়ে ওঠে বিশাল হাহাকার ।
একসময়—
জীবনের প্রতি যে মায়া ছিল
স্বপ্ন ছিল চোখের পাতায়,
সে বিদায় নিয়েছে অনেক আগে
দুই চোখের কালিমায়
এখন বেঁচে থাকা শুধু
অন্যের ছায়াপথে,
নিজেকে হারিয়ে।
আরো কবিতা পড়তে ক্লিক করুন। রুমানা শাওনের কবিতা।






