ছায়াপথের নীলতারা যা লিখেছিল – আরণ্যক বসু।

একা একা এতদিন কোথায় ছিলেন রোদ বৃষ্টি ঝড়ে?
গোপন ক্ষেপণাস্ত্রে আমূল বিপর্যস্ত হয়েও,
আপনি অনায়াসে মিশ্রকলাবৃত্তে প্রত্যাঘাত শানাচ্ছেন।
আপনাকে কী বলে ডাকি বলুন তো?
নওল কিশোর? তরুণ তুর্কি? নাকি বিদগ্ধ প্রাজ্ঞ?
ঘর গেরস্থালি পেরিয়েও এত দুঃসাহসিক প্রেম
চৈত্র বাতাসের কানে এমনভাবে ফুসলিয়ে দিলেন যে,
ঝড়ো হাওয়া কালবৈশাখী হয়ে আমার নির্জন ছায়াপথ
তোলপাড় করে বুকের উপত্যকা, কোমরের গাম্ভীর্য লণ্ডভণ্ড…
ঈশ, বুড়ো বয়সে কী যে লজ্জা!
কেন বোঝেন না? আপনাকে দূর থেকে দেখলেও
মাথা খারাপ করে দেয়া পাগলামোর ইচ্ছে থেকে
ইচ্ছান্তর জেগে ওঠে!
আপনার মহারণ্য বুকে কত শ্যামলিমা, বনদেবী, বনজোছনা,
আর এই আমি নীল নীল নীলতারা, থরথর
লজ্জা ও নির্লজ্জতা নিয়ে ভেসে গেলাম!
আপনি শেষ পারানির কড়ি গুনলেও,
আমি ও ছায়াপথ কড়ি ও কোমলে,
আপনার ঠোঁট আর মিশ্রকলাবৃত্তের বিষাদরেখা ছুঁয়ে
একশো উনপঞ্চাশ জন্ম অপেক্ষা করবো।
ঋতুরাজ, আপনার শরম ও নীরবতা ছিঁড়ে
কৃষ্ণচূড়ার কলঙ্ক-আবির মাখাবোই।

আমার ষোলো বছরের প্রথম হাতচিঠি আপনাকে পড়তেই হবে।
উড়িয়ে, ভাসিয়ে নিতেই হবে আমাকে।
এটাই প্রথম ও শেষ কথা।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। আরণ্যক বসুর কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x