তোমার জন্য কবিতা – কামরুন নাহার সিদ্দীকা।

তোমার জন্য একটি কবিতা লিখব বলে স্থির করেছি
রাখিনি কোনো দুর্বোধ্য শব্দ
তুমি ভালো বোঝ না বলে
তাই সহজ কটা শব্দ আর ছন্দের মিল রেখে
তোমার জন্য বোধগম্য একটা কবিতা লিখতে বসেছি।

বৃষ্টির রিমঝিম নাকি শুকনো পাতার মর্মর
কোনটা তোমাকে টানে?
সমুদ্দুর নাকি পাহাড়ের চূড়া
জোৎস্না কি ডাকে তোমায় খুব?
চুপিসারে উঠে যাও জোৎস্নাস্নানে
রাতের নিস্তব্ধতা নাকি ভোরের স্নিগ্ধতায় মুগ্ধ তুমি?

কবার প্রেমে পড়েছ?
প্রথম চুমুর স্বাদ কি এখনো ঠোঁটে লেগে আছে?
নিবিড় আলিঙ্গনে চুলের সুবাসে
উন্মাতাল বিভোর হয়েছ শেষ কবে?

জানি কবিতা লেখার জন্য এগুলো বড় অপ্রাসঙ্গিক।
অর্বাচীন আমি,
তোমার জন্য যুতসই শব্দ খুঁজতে
আমি মঙ্গল কাব্য চষে বেড়িয়েছি
বাদ যায়নি আলাওলের পদ্মাবতী।

আধুনিক কবিদের মধ্যে কাকে পড়েছ বেশি?
সুভাষ মুখোপাধ্যায়, জীবনানন্দ, শামসুর রাহমান
কিংবা সৈয়দ শামসুল হক?

তোমার জন্য একটি কবিতা লেখা হবে
প্রতিটি শব্দ আমি নেড়ে চেড়ে দেখছি।

গয়নার নিপুণ কারিগরের মতো
একটার পর একটা অক্ষরের মুক্তো বসাতে চাই।
তোমাকে বলা হয়ে উঠেনি
কবিতার নাম আমি আগেই ঠিক করে রেখেছি
কথা হয়েছে নামকরা দৈনিকের সাহিত্য সম্পাদকের সাথেও
লেখা শেষ হওয়া মাত্র ছেপে দিবেন
থাকবে অনলাইনেও।

আমি যখন লিখছি সে অসমাপ্ত কবিতাখানি
তখন তুমি নগরের অভিজাত বাড়ির সাতশ তিন নম্বরে
সফেদ তুলতুলে বিছানায় যুগলবন্দি।

সঙ্গিনী তোমার কথার জাদুতে, ইশারায় কাবু
নিয়েছ দখল করে তার পাহাড়,
আদিম ভালোবাসায় বুঁদ হয়ে চষে বেড়াচ্ছ উপত্যকা
মেকি ভালোবাসায় বিলাচ্ছ সমরখন্দ।

আমি তখন অন্ধকারে
শব্দ হাতড়ে, অন্ত্যমিলের খেয়াল রেখে
তোমার জন্য লিখছি একটি কবিতা।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। কামরুন নাহার সিদ্দীকা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x