পাছে ভুলে যাই পথ – সাদাত হোসাইন।

আমাকে হেঁটে যেতে হবে দেখে তুমি কেড়ে নিলে জুতো,
অথচ কত ঘাস মেলে দিল বুক, একটা হলুদ প্রজাপতি উড়ে এসে বলে-
সে আমার সাথে যাবে, পাছে ভুলে যাই পথ।

কিছু ঘাসফুল ভাঁজ খুলে মেলে দিল ঘ্রাণ,
কিছু হাওয়া উড়ে উড়ে নিয়ে এল মেঘ, কিছু ছায়া।

আমাকে বহুপথ যেতে হবে দেখে তুমি কেড়ে নিলে গৃহ,
অথচ কত গাছ ছায়া হয়ে মেলে দিল শাখা।
একটা সবুজ পাখি উড়ে এসে বলে-
সে আমার সাথে যাবে, পাছে ভুলে যাই পথ!

কিছু রোদ সোনারঙা হয়ে ঢেলে গেল ওম,
কিছু স্মৃতি চুপি চুপি নিয়ে এল সুখ, কিছু কায়া।

আমাকে নিঠুর পথ যেতে হবে দেখে তুমি কেড়ে নিলে স্নেহ,
অথচ কত নদী ছুঁয়ে দিয়ে গেল, একটা রঙিন নাও ভেসে এসে বলে-
সে আমার সাথে যাবে, পাছে ভুলে যাই পথ!

কিছু পাখি সব সুর ঢেলে গেয়ে গেল গান,
কিছু ঢেউ কেঁপে কেঁপে দিয়ে গেল তাল, কিছু মায়া।

আমাকে আঁধার পথ যেতে হবে বলে তুমি কেড়ে নিলে আলো,
অথচ হাজার তারা আলো জ্বেলে দিল,
একাকী রূপালি চাঁদও ভেসে এসে বলে-
সে আমার সাথে যাবে, পাছে ভুলে যাই পথ!

আমাকে শূন্য ভেবে একা ফেলে গেলে হিসেবের ঋণে,
অথচ ছোট্ট বুক ভালোবাসা পুষে
পৃথিবীর সব প্রেম, সব মায়া, স্নেহ সব নিয়েছে যে কিনে!

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সাদাত হোসাইনের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x