ছুরি – শহীদ কাদরী।

সবকিছুই বিঁধতে জানে ছুরির মতো,
শাদা মোরগ চঞ্চুতে তার বিদ্ধ করে শস্যকণা
চামড়া ছিঁড়ে সূর্য জ্বলে
ঈগলগুলোর দারুণ নখে ইঁদুর আসে অনায়াসে
পুকুর জুড়ে রূপালি মাছ লাফিয়ে ওঠে
বড়শী-গাঁথা

কারো কারো বুকের মধ্যে
চাঁদের ফলা আমূল ব’সে রক্তপাত যে হঠাৎ ঘটায়
আত্মজনের প্রতিশোধের স্পৃহার ধারে
কাটামুণ্ডু নৃত্য করে
গোধূলিতে যখন তখন হায় আমাদের দুপুর রাঙে
রাত্রি রাঙে, আঁধার রাঙে
জলও আপন স্রোতের ভেতর লক্ষ কোটি বর্শা পোষে
গ্রামও ভাঙে নিপুণ করাত গাছ কেটে নেয়
হীরের ধারে অন্ত্র ছেঁড়ে,
গোলাপ হানে দারুণ মরণ
কবির কোমল আঙুলটিরে,
পায়রা-নখের নরম-স্মৃতি
কাঁধের ওপর কামড়ে বসা, কেউ কি ভোলে?
ভালোবাসার কালো চুলের, তীক্ষ্ণ কামের
সফেদ স্তনের পীনোন্নত চূড়ায় বেঁধা
শহীদ প্রেমিক কাৎরে ওঠে,
আততায়ীর অতর্কিত আক্রমণের নিপুণ ছুরি
পিঠের হাড়ে নিয়ে যেমন ট’লে পড়ে
বিপ্লবী তার পথের শেষে;
বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে
তীক্ষ্ণ কালো ছুরির মতো চতুর্দিকে বৃষ্টি পড়ে!

আরো কবিতা পড়তে ক্লিক করুন। শহীদ কাদরীর কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x