শহীদ স্মরণে – মোহাম্মদ মনিরুজ্জামান।

কবিতায় আর কি লিখব?
যখন বুকের রক্তে লিখেছি
একটি নাম বাংলাদেশ।

গানে আর ভিন্ন কি সুখের ব্যঞ্জনা?
যখন হানাদার বধ সংগীতে
ঘৃণার প্রবল মন্ত্রে জাগ্রত
স্বদেশের তরুণ হাতে
নিত্য বেজেছে অবিরাম
মেশিনগান, মর্টার, গ্রেনেড।

কবিতায় কি বলব?
যখন আসাদ
মনিরামপুরের প্রবল শ্যামল
হৃদয়ের তপ্ত রুধিরে করেছে রঞ্জিত
সারা বাংলায় আজ উড্ডীন
সেই রক্তাক্ত পতাকা।

আসাদের মৃত্যুতে আমি
অশ্রুহীন, অশোক; কেননা
নয়ন কেবল বজ্রবর্ষী; কেননা
আমার বৃদ্ধ পিতার শরীরে
এখনো পশুদের প্রহারের চিহ্ন;
কেননা আমার বৃদ্ধা মাতার
কণ্ঠে নেই আর্ত-হাহাকার, নেই-
অভিসম্পাত-কেবল
দুর্মর ঘৃণার আগুন; কোন
সান্ত্বনা বাক্য নয়, নয় কোন
বিমর্ষ বিলাপ; তাকে বলিনি

তোমার ছেলে আসল ফিরে
হাজার ছেলে হয়ে আর কেঁদো না মা; কেননা
মা তো কাঁদে না;
মার চোখে নেই অশ্রু, কেবল
অনল জ্বালা, দু’চোখে তার
শত্রু হননের আহ্বান।

আসাদের রক্ত ধারায় মহৎ
কবিতার, সব মহাকাব্যের
আদি অনাদি আবেগে
বাংলাদেশ-জাগ্রত।

আমি কবিতায় নতুন আর
কি বলব? যখন মতিউর
করাচীর খাঁচা ছিঁড়ে ছুটে গেল
মহাশূন্যে টি-৩৩ বিমানের
দুর্দম পাখায় তার স্বপ্নের
স্বাধীন স্বদেশ মনে করে
ফেরে তার মাহিন তুহিন মিলি
সর্বস্ব সম্পদ; পরম আশ্চর্য এক
কবিতার ইন্দ্রজাল সৃষ্টি হল…

তার অধিক কবিতা আর
কোন বঙ্গভাষী কবে লিখেছে কোথায়?
আমি কোন্ শহীদের স্মরণে লিখব?
বায়ান্ন, বাষট্টি, উনসত্তর, একাত্তর;
বাংলার লক্ষ লক্ষ আসাদ মতিউর আজ
বুকের শোণিতে উর্বর করেছে এই
প্রগাঢ় শ্যামল!

শহীদের পূণ্য রক্তে শতকোটি
বাঙালির প্রাণের আবেগ আজ
পুষ্পিত সৌরভ। বাংলা নগর বন্দর গঞ্জ
বাষট্টি হাজার গ্রাম
ধ্বংস স্তূপের থেকে সাত কোটি ফুল
হয়ে ফুটে! প্রাণময় মহৎ কবিতা
আর কোথাও দেখি না এর চেয়ে।

শব্দভুক পদ্য ব্যবসায়ী ভীরু বংগজ পুংগব সব
এই মহাকাব্যের কাননে খোঁজে
নতুন বিশ্বয়। কলমের সাথে আজ
কবির দুর্জয় হাতে নির্ভুল স্টেনগান কথা বলে।

কবিতায় আর নতুন কি লিখব
যখন বুকের রক্তে
লিখেছি একটি নাম
বাংলাদেশ।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। মোহাম্মদ মনিরুজ্জামান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x