ফেরার পিপাসা – আল মাহমুদ ।

ফিরে যেতে সাধ জাগে, যেন ফিরে যাওয়ার পিপাসা
জাগায় সুদূর স্মৃতি : মায়ের আঁচল ধরে টেনে
দেখায় দূরের নদী, ওই তো হাটের নাও মাগো
দখিনা বাতাসে দ্যাখ ভেসে গেলো সমস্ত সোয়ারি;
হরিণবেড়ের মাঠে পৌঁছে যাবো সন্ধ্যার আগেই
এ বেলা ভাসালে নাও রাত অত আঁধার হবে না
আকাশের দিকে দ্যাখ, কোথায় ঝড়ের দাগ বল্?
মিছেমিছি ভয় পাস অনর্থক অশুভ ভাবিস।

বাপের কবরে গিয়ে মোম জ্বেলে কাঁদলে তখন
আমি কি বলবো কিছু? না মা আমি জোনাক পোকায়
আঁঠালো লতায় বেঁধে মালা করে পরবো সুন্দর।
আমি তোর মোট নেবো, তোরঙ্গটা দিস মা আমাকে
হেঁটে হেঁটে পা ফাটালে চটি তোর নিজেই বইবো।
নে তোর পানের বাটা, বোরখা নে গো, মামানীকে বল্—
তাহলে এবার আসি দুঃখীদের সংবাদ নিও গো।

বত্রিশ সায়েদাবাদ ঢাকা—এই বিষণ্ণ দালানে
তেমন জানালা কই? যাতে বাঁকা নদী দেখা যায়
ধবল পালের বুক যেন মার বক্ষের উপমা,
কোথায় সলিলে ভাসে জোয়ারের তাবৎ নায়রী,
দেয়ালের ফ্রেমে রাখা কে দুঃখিনী জলের জলুস
পাথর ফাটানো ধারা সান্ত্বনার শব্দের মতন
তুমি কি জননী সেই, অভাবের আভায় দলিত
বাঙলার মানচিত্র এ ঘরের পেরেকে রয়েছো?

স্বপ্নের আঘাতে আমি সারারাত ঘুমাতে পারি না
অথচ বালককালে মা আমার দক্ষিণ বাজুতে
রুপোর মাদুলী তুই বেঁধেছিলি স্বপ্ন না দেখার,
তবু কেন জননী গো খোয়াবের অসুখ সারে না!
সামান্য আবেশ এলে ভেসে যাই নূহের নৌকায়
অথবা উড়াল দিই আশার পাখিটি একা একা

প্রবল হাওয়ার মধ্যে আদিগন্ত শোকের কিনারে
নিঃশব্দে উড়তে থাকি ঢেউয়ে ঢেউয়ে, যদি কোনোদিন,
আদিম উদ্ভিদ রেখা দেখা দেয়—কোমল কৌশিক
দারুণ বালুর বেগ, দিগ্বিজয়ী মাটির মহিমা।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। আল মাহমুদ ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x