কবিতার খাতা
বসন্তডাক – শ্রীজাত।
তুমি আমায় পড়িয়েছিলে গালিব
আমি তোমায় আরুণি উদ্দালক
কে বলেছে, হাতের পাতা খালি?
বসত ছিল সাদা হাঁসের পালক।
বসত ছিল গঞ্জ-শহর-গ্রামে
মানুষ, মিছিল, জোট বাঁধো রে সবাই…
আসত চিঠি পারুল বোনের নামে
রূপকথারা জানে না তার ক’ ভাই।
সেসব বসত ছাই হয়েছে পুড়ে
মালসা ঘেঁটে পেয়েছি তার নাভি।
বুড়ো হাওয়ায় চিরকুটও থুত্থুড়ে –
‘আজ বিকেলে নাটক আছে। যাবি?’
এখন আমার ছাড়পত্র অনেক।
পাতায় পাতায় নানা রঙের ভিসা।
তখন তুমি শ্রবণ বধিরজনে
অন্ধজনে হলুদ শাড়ির নিশান…
তুমি আমায় দেখিয়েছিলে ত্রুফো
আমি তোমায় একদিন প্রতিদিন
মুঠোয় ছিল কাচপোকাদের রুপো…
জুতোয় ছিল অন্য রুটের বিধি।
হয়তো মানুষ জিতবে না কক্ষনও।
আমায় তবু ভিড়ের মাঝেই খুঁজো…
যদি কোথাও বসন্তডাক শোনো –
বুঝবে, সেদিন সরস্বতী পুজো!





