রেডলাইট নাচ – মল্লিকা সেনগুপ্ত।

উর্বশীর মেয়ে ওরা মধু মঞ্চে নাচতে এসেছে
সমস্ত শরীর যেন প্রতিবাদ, সালমা খাতুন
কালো সালোয়ার পরা মেয়েটি দাঁড়াল মঞ্চে এসে
ওর কণ্ঠে কথা বলে উঠেছিল কথামানবীরা

দৃপ্ত কালো আগুনের মতো ওই মেয়েটিকে দেখে
বুঝতে পারেনি কেউ
ওর রক্তে ঢুকে গেছে পজিটিভ এইচ আই ভি
একটা একটা কোষ মরে যাচ্ছে পল অনুপল
আর মাত্র এক মাস আয়ু আছে ওর

বেবি সিং মঞ্চে এসে দাঁড়াল এবার
রোগা ঝর্ণার মতো তিরতিরে মেয়ে
নাচের মুদ্রায় এত তির্যক বিদ্রোহ।
বাপের হদিশ ঠিক বুঝতে পারেনি কোনও দিন
মায়ের ধারণা, কোনও সর্দারজিই হবে ওর বাপ
বেওয়ারিশ জন্মের লজ্জায় ঘৃণায়
হোমে থাকতে এসেও মাঝরাত্রে কেঁদে ওঠা বেবি
পচা সমাজের দিকে নাচের মুদ্রায় যেন লাথি ছুঁড়ছিল—

বীণা সর্দার খালি গলায় এমন গান গেয়ে উঠল যে
মধুসূদন মঞ্চের বাতাস করুণ হয়ে এল
তেজী হরিণীর মতো সারা মঞ্চে নেচে বেড়াচ্ছে সে
কে বলবে, তিনবার ওকে বিক্রি করে দিয়েছিল ওর বাবা।
নেপাল বর্ডার থেকে পুলিশ উদ্ধার করে এখানে এনেছে
পুরনো কথার ঘায়ে মাঝে মাঝেই ওর মাথা খারাপ হচ্ছে।

গঙ্গা মল্লিক এই মঞ্চে এসে কি আশ্চর্য কবিতা বলছে !
কথামানবীর কণ্ঠে শাহবানু, বেহুলা, দ্রৌপদী
কী ভাবে গঙ্গার মধ্যে সব একাকার !
বালিকা বয়সে ওর কাকা ওকে নিয়মিত ধর্ষণ করত
দগদগে ক্ষত নিয়ে কথামানবীর মঞ্চে এখন সে বাঁচতে এসেছে
বীণা,গঙ্গা বেবি বা সালমা, ফুটফুটে এই কিশোরীরা
যে কেউ আমার ছাত্রী হয়ে ব্যাগ কাঁধে এসে দাঁড়াতে পারত
মহারাণী কাশীশ্বরী কলেজের দরজায়
বদলে ওদেরকেও স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে
মার খাওয়া জন্তুর মতো পালিয়ে এসেছে ওরা মাথানিচু

উর্বশীর মেয়েগুলি আমাদের পৃথিবীতে বাঁচতে চাইছে!

আরো কবিতা পড়তে ক্লিক করুন। মল্লিকা সেনগুপ্তের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x