ভালো মেয়ে খারাপ মেয়ে – সুবোধ সরকার।

ঠিক কাদেরকে ভালো মেয়ে বলে
আমি এখনও বুঝতে পারি না।
এই বাংলায় যেসব মেয়ের দাদা লম্পট
সেইসব মেয়ের সহজে বিয়ে হয় না।

মা-মাসীদের মতে, যেসব মেয়েরা
সারাদিন ঘরের কাজ করে,
কোন ছেলের সঙ্গে রাস্তায় ঘুরে বেড়ায় না,
তারাই ভালো মেয়ে।

ভাই থাপ্পড় মারে, বাবা থাপ্পড় মারে,
মা ঘরে আটকে রাখে
মামা বাড়ির লোকেরা স্নেহের নামে
যেখানে সেখানে হাত দিয়ে যায়
অথচ মুখ খোলে না কখনও
সে মেয়েকেই আমরা ভালো বলি।

কাকে ভালো মেয়ে, কাকে খারাপ মেয়ে বলে
সে এক রহস্য।
মাতাল স্বামী পরিত্যাগ করে
যারা একা থাকতে চায়,
তাদের বাড়ীওয়ালা ঘর দিতে চায় না।

যে মেয়েটি বাসের মধ্যে ভদ্রলোকের গালে
থাপ্পড় বসিয়ে দিলো,
গণ্ডগোল থামতে অফিসযাত্রীরা বললেন দিদি,
পরের স্টপেজে নেমে একটা ট্যাক্সি ধরে নিন।
যে মেয়ে কারো তোয়াক্কা করে না,
নিজে আনে নিজে খায়,
যে মেয়ে চাঁদপাল ঘাটে
একা দাঁড়িয়ে সূর্যাস্ত দেখে,
তার দিকে আমরা ভুরু কুঁচকে তাকাই।

তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো?
মুখ বুজে যারা সব অত্যাচার সহ্য করে
তাদেরকে ভালো মেয়ে বলে?
মুখ বুজে যারা সব অত্যাচার সহ্য করে না,
তাদেরকে খারাপ মেয়ে বলে?

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সুবোধ সরকারের কবিতা ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x