পলাশবনের রাধা – আরণ্যক বসু।

এই ঋতুরাজ, আমার সঙ্গে সত্যি উড়তে যাবি?
কোথায় যাচ্ছি? প্রশ্নটশ্ন চলছে না, চলবে না;
ফাগুন বাতাস উস্কে দেবে সংগোপনের নেশা,
রক্তমাতাল সারা জমানা টলছে না, টলবে না!

ক্যাবলা কেশব, আমায় ফিদা করেই দিলি যদি,
তবে কেন মহুয়া নেশায় মটকা মেরে থাকো?
আমের মুকুল ও কোকিলা, ডাকতে ডাকতে সারা,
নিরুদ্দেশের বাস পেরোচ্ছে ময়ূরাক্ষীর সাঁকো…

তোর পিরিতি কাইত মারে না? কী সব্বোনাশ, তাই?
এক রাধাতে জীবন কাটবে? বংশীধারী গুরু?
আমি কিন্তু তোরই থাকব সাত জন্মান্তরে,
শিমুল ফুটবে শ্মশানচিতায়, শেষ থেকে যার শুরু!

শুধু আমাকেই রঙ মাখাবি উন্মাদ ফাল্গুনে?
নখ থেকে চুল দামাল শরীর ভরাবো তোর নামে;
চিনে নিতে করিস না ভুল অবাক কিশোর বেলায়,
ঠোঁটের গন্ধ পাঠিয়ে দিবি নীল আকাশের খামে!

জানবি, আমিই খোলা তলোয়ার, চলকে ওঠা ঢেউ,
ফুৎকারে দিই নির্বাসনে, ঝুটো জীবনের বাধা;
তোর প্রেমে, আর, অহংকারী আগুন ফাগুন তেজে,
মনে রাখিস আমরা সবাই পলাশবনের রাধা…

আরো কবিতা পড়তে ক্লিক করুন। আরণ্যক বসু।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x