ন্যায়যুদ্ধ – অসীম সাহা।

এই যুদ্ধ ন্যায়যুদ্ধ, সকলেই তৈরি হয়ে নাও।
এ-নির্দেশ ঘোষিত হবার সঙ্গে-সঙ্গে, স্বপ্ন নয়,
স্বপ্ন ও সত্যের মধ্যে নির্মিতব্য নিজস্ব ভুবনে
শুরু হয়ে যুদ্ধের প্রস্তুতি-সকলেই বুঝে নেয়
শিল্পহীন স্বপ্ন মানে বিনাযুদ্ধে পরাজয়, আর
আদ্ভুত শৃঙ্খলে, অনন্ত রৌরবে বন্দি হয়ে থাকা।

তাই শিশু-বৃদ্ধ-যুবা, এমনকি গ্রাম্য কুলবধূ
অনর্থক সময়-ক্ষেপণে কিছুতেই রাজি নয়,
তাই তারা অতন্দ্র পাখির মতো সতর্ক দু’চোখ
খোলা রেখে অবস্থান নিয়ে নেয় নিজস্ব বাংকারে।

একটি দুর্গও আর অরক্ষিত থাকে না কোথাও
ভিতরের প্রত্যেকটি দরোজা-জানালা খুলে রেখে
গেরিলার নিজস্ব কৌশলে সকলেই বসে থাকে
সুযোগের সন্ধানে-যেন হরিণ-শিকারি। প্রতিটি
রাস্তার মোড়ে সতর্ক সিগন্যাল ঠিক বলে দেয়:
শত্রুর দুর্ভেদ্য ঘাঁটি, চলাচল, নিখুঁত নিশানা।
চেতনার মহল্লায় শুরু হয় প্রস্তুতি-প্যারেড;
এর ফাঁকে কাঁধে-কাঁধে উঠে আসে অপ্রতিরোধ্য
সব শিল্পমালা-রাইফেল, হালকা মেশিনগান।

অব্যর্থ নিশানা রেখে প্রতিটি মুহূর্তে শুধু চলে একলব্য-সাধনা,
প্রতিজ্ঞা-প্রবল পেশিতে ফোটে পরাজয়-
প্রতিরোধী শিল্পের নতুন অঙ্গীকার।
এইভাবে সঠিক সময় এসে গেলে, সময়ের
নিজস্ব নিয়মে প্রতিটি গাছের ডালে ফোটে ফুল
লক্ষ্যবস্তু ভেদ করে উড়ে যায় শাদা-কালো পাখি
ফসলের মাঠ, সে-ও হয়ে ওঠে যুদ্ধের এলাকা।

অনেক বছর পরে অস্ত্র হাতে, পর্বত পেরিয়ে
একদিন মানুষেরা উঠে আসে শিল্পিত নগরে
ঢুলু-ঢুলু চোখে তারা চেয়ে থাকে পৃথিবীর দিকে;
তখন আকাশে-ডোবে-দ্রুত এক নাক্ষত্রিক-রাত
তারপর চেতনার রঙে-রাঙা কুঁড়ির ভিতরে
স্বপ্ন ও সত্যের মতো জাগে এক সুন্দর-প্রতিমা।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। অসীম সাহার কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x