কাবো ভার্দে – সুবোধ সরকার।

যখন আফ্রিকা উঠে দাঁড়ায়,গরিব উঠে দাঁড়ায়
চাঁদ যেখানেই থাকুক তখন মনে হয়
পুরুলিয়া থেকে অশোক হেমব্রম
আমেরিকার এম.আই.টি ক্র্যাক করেছে।

এই নামে একটা দেশ আছে আমি কখনো শুনিনি।
সারা পৃথিবীর ইন্টারনেটে এখন
একটাই নাম কোটি কোটি আঙুল টাইপ করে চলেছে কাবো ভার্দে
কাবো কাবো কাবো আফ্রিকা আফ্রিকা আফ্রিকা।

একদিন এই তোমরা, এই তোমরা,এই তোমরা
আফ্রিকায় এসেছিলে, বলেছিলে চোখ বন্ধ কর্।
ওরা চোখ বন্ধ করেছিল। দুশো বছর বাদে ওরা
যখন চোখ খুলল, দেখল দেশটা ওরা নিয়ে গেছে।
আর হাতে হাতে রেখে গেছে বাইবেল।

কালো মানুষের জন্য আমরা কত কি না করি!
গান করি কবিতা লিখি নাটক লিখি রাস্তায় নামি।
‘কৃষ্ণকলি আমি তারেই বলি’ সুচিত্রা মিত্রের কন্ঠে শুনে
আমাদের চোখে জল আসে।
কিন্তু রবিবারের পাত্রপাত্রীর বিজ্ঞাপনে চোখ রাখুন
ওটাও একটা আফ্রিকা।
আজ পর্যন্ত একটি ছেলেও কি আমেরিকা থেকে
আফ্রিকার মেয়ে বিয়ে করে বাড়ি এসে বলেছে
মা, তোমার জন্য রানি নিয়ে এলাম?

কয়েকটা দ্বীপ,কয়েকটা আগ্নেয়গিরি ,
৫ লক্ষ কালো মানুষ, রডোডেনড্রন,আর একটা ফুটবল এই নিয়ে একটা দেশ।
চারপাশে ভয়াবহ আটলান্টিকের ঢেউ
ঢেউয়ের ওপর উঠে একটা ফুটবল সারা পৃথিবীকে বলছে :
আমরা আসছি আমরা আসছি আমরা আসছি
সমস্ত কলোনি থেকে আমরা আসছি
মার খাওয়া দেশ থেকে আমরা আসছি
পৃথিবীর সমস্ত বাঁকুড়া পুরুলিয়া থেকে আমরা আসছি।
আমরা আমেরিকা নিয়ে নেব।

বড়লোকের মিয়ামিতে আমরা পারলাম না ।
আমরা হেরে গেলাম।
আমরা ২০০ বছর ধরে হেরে আসছি।
কেউ আমাদের এক থালা ভাত এগিয়ে দেয়নি
কেউ একটা রুটির টুকরো ছেড়ে দেয়নি।
মিয়ামি আসার মতো পয়সা ছিল না আমাদের।

কাবো ভার্দে, তুমি হারোনি।তুমি যদি মহাকাব্যের নায়ক না-হও
তাহলে বৃথা লেখা হয়েছিল ইলিয়াড
বৃথা লেখা হয়েছিল মহাভারত
তুমি সেই বীর যার রথের চাকা বসে গিয়েছিল।

আত্মঘাতী গোল সেই রথের চাকা
যা ঢুকে গেলে আর ফেরানো যায় না।
চার বছর বাদে আমরা আবার আসবো
২০০ বছর আমরা অপেক্ষা করেছি।
আমাদের থেকে গরিবের থেকে হে পৃথিবী প্রণতি গ্রহণ করো।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সুবোধ সরকারের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x