ব্যভিচারিণী – মন্দাক্রান্তা সেন।

ঠিকরে গেল চোখের মণি
তোমায় দেখা এমন দায়
রূপ দেখেছি দুপুরবেলা
সিঁড়ির নিচে, বারান্দায় ।

এক্ষুনি ও-চোখ বিঁধেছে
নীলচে গরল রোমকূপে
অন্ধ কর, অন্ধ কর
অন্ধ মরে কোন রূপে ?

চোখের পাতায় পাপের পাহাড়
কাঁপছে প্রবল ডানভুরু
আমার ঘরে পুরুষ আছে
জংঘা, নাভি, দুই ঊরু

সমুদ্র নেই, সমুদ্র নেই
চিলেকোঠায় ছিটকিনি
দুপুরবেলা নদীতে জল
কোটাল আসার দিন চিনি ।

সমুদ্র তোর হাতের মুঠোয়
উপচানো ঠোঁট, আঁশটে নুন
জলের নিচে পুরোনো টান
জলের উপর তুই নতুন ।

কত বছর স্নান করিনি
জ্বর শুষেছি দু চক্ষে
ওরা আমার অসুখ দ্যাখে
দূর থেকে আর অলক্ষ্যে ।

আজন্মকাল ক্ষুৎপিপাসু
রূপ খুলে দে, রূপ কে খাই,
এখন আমি ভাত রাঁধি না
উনুন ভাঙা, উড়ছে ছাই ।

তাপ দ্যাখেনি আকাশপাতাল
পাপ দ্যাখেনি আমার চোখ
ঘরের পুরুষ অন্যঘরে
আমার পুরুষ অন্যলোক ।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। মন্দাক্রান্তা সেনের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x