একজন বৃদ্ধ সাপ – আবু জাফর ওবায়দুল্লাহ।

একজন বৃদ্ধ সাপ তার প্রাচীন খোলস ছাড়তে পারে না,
একজন গৃহপালিত পশু অরণ্যের হরিণকে
উদ্ভট এবং বাউন্ডুলে মনে করে।
একজন খঞ্জ নৃত্যের কাছে পরাজিত।

প্রভু, আপনি সূর্যের দিকে পিঠ রেখে ছায়া দ্যাখেন,
আপনি মনে করেন জীবন একটি সুবিন্যস্ত হ্রদ
ছেনি দিয়ে কাটা অনুশাসিত শিলালিপি।
সুতরাং যারা চোখে চোখ রেখে হাঁটে
কিম্বা ঝড় এবং সমুদ্রের স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ায়
আপনি তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছেন।

আপনি তাদেরকে নির্লজ্জ মনে করেন
একজন উলঙ্গ শিশু যেমন নির্লজ্জ।
আপনি তাদেরকে অশিষ্ট মনে করেন
একজন অদম্য পথিক যেমন অশিষ্ট।
আপনি তাদেরকে বেআইনি মনে করেন
একজন অবাধ্য কবি যেমন বেআইনি।

প্রভু, আপনি উৎসবের বাদ্য স্তব্ধ করতে পারেন
একজন উলঙ্গ শিশুকে কাফন পরাতে পারেন
নৃত্যরত পথিকের অঙ্গহানি করতে পারেন
অসংযত গায়কের জিহ্বা ছেদন করতে পারেন,
কিন্তু সমুদ্রের উচ্চারণ ঝড়ের কণ্ঠস্বর এবং
পাখিদের নৃত্য আপনি কেমন করে বন্ধ করবেন?

প্রভু আপনি একজন গৃহপালিত পশু
নৃত্যের কাছে পরাজিত একজন বৃদ্ধ সাপ।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। আবু জাফর ওবায়দুল্লাহের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x