শুভম তোমাকে – মল্লিকা সেনগুপ্ত।

শুভম তোমাকে অনেকদিন পরে
হটাত দেখেছি বইমেলার মাঠে
গত জন্মের স্মৃতির মতন
ভুলে যাওয়া গানের মতন
ঠিক সেই মুখ , ঠিক সেই ভুরু
শুধুই ঈষৎ পাক ধরা চুল
চোখ মুখ নাক অল্প ফুলেছে
ঠোঁটের কোনায় দামি সিগারেট
শুভম তুমি কি সত্যি শুভম !

মনে পড়ে সেই কলেজ মাঠে
দিনের পর দিন কাটত
কিভাবে সবুজ ঘাসের মধ্যে
অন্তবিহীন সোহাগ ঝগড়া !
ক্রমশই যেন রাগ বাড়ছিল
তুমি চাইতে ছায়ার মতন
তোমার সংগে উঠবো বসবো
আমি ভাবতাম এতদিন ধরে
যা কিছু শিখেছি, সবই ফেলনা !
সব মুছে দেব তোমার জন্য?

তুমি উত্তম – ফ্যান তাই আমি
সৌমিত্রের ভক্ত হব না !
তোমার গোষ্ঠী ইস্টবেঙ্গল
আমি ভুলে যাব মোহনবাগান ।
তুমি সুচিত্রা , আমি কণিকার
তোমার কপিল , আমার তো সানি !
তোমার স্বপ্নে বিপ্লব তাই
আমি ভোট দিতে যেতে পারব না !

এমন তরজা চলত দুজনে
তবুও তোমার ঘাম গন্ধ
সস্তা তামাক স্বপ্নের চোখ
আমাকে টানত অবুঝ মায়ায়
আমার মতো জেদি মেয়েটিও
তোমাকে টানত প্রতি সন্ধ্যায়
ফাঁকা ট্রাম আর গঙ্গার ঘাটে ,

তারপর তুমি কম্পিউটার
শেখার জন্য জাপান চললে
আমিও পুনের ফিলমি কোর্সে
প্রথম প্রথম খুব চিঠি লেখা
সাত দিনে লেখা সাতটা চিঠি
ক্রমশ কমল চিঠির সংখ্যা
সপ্তাহে এক , মাসে একটা
ন মাসে ছ মাসে , একটা বছরে
একটাও না … একটাও না …
ডাকবাক্সের বুক খাঁ খাঁ করে
ভুলেই গেছি কতদিন হল ,
তুমিও ভুলেছ ঠিক ততদিন

তারপর সেই পৌষের মাঠে
হটাত সেদিন বইমেলাতে
দূরে ফেলে আসা গ্রামের মতো
তোমার মুখটা দেখতে পেলাম
শুভম , তুমি কি সত্যি শুভম !

আরো কবিতা পড়তে ক্লিক করুন। মল্লিকা সেনগুপ্ত।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x