তোমার জন্যে – বীথি চট্টপাধ্যায়।

তোমার জন্যে আসন পিঁড়ি
কাঁসার থালায় অন্ন
কচুর শাকে ইলিশ মাথা
রান্না তোমার জন্য।

তোমার জন্য হলুদ দিয়ে
পাবদা মাছের ঝোল।
তোমার জন্যে শরৎ আকাশ
কাশফুল দোল দোল।

তোমার জন্যে সন্ধ্যাপ্রদীপ
তুলসী তলায় জল
তোমার জন্যে চোখের অসুখ
চক্ষে ঝরে জল।

তোমার জন্যে সবুজ পাহাড়
ঝুমুর নাচের বোল
তোমার জন্যে আবীর রাঙা
ভুবনডাঙার দোল।

তোমার জন্যে বৃষ্টি তুমুল
মিষ্টি বাদল দিনে
তোমার জন্যে গাজনমেলা
রেশমি চুড়ি কিনে…।

তোমার জন্যে হিমের রাত
নক্সী কাঁথা গায়ে
তোমার জন্যে বইমেলাতে
ঘুরবো ধুলো পায়ে।

তোমার জন্যে দিঘার সাগর
ব্যাকুল পাগল পারা
তোমার জন্যে আকাশপ্রদীপ
সন্ধ্যারাতের তারা।

তোমার জন্যে একটু সিঁদুর
ময়ল দ্বীপের শাঁখা
তোমার জন্যে লক্ষীপটে
আলপনাটি আঁকা।

তোমার জন্যে পুন্নিপুকুর
জল সইবো যেই
জলকে দেখি ফাটক আঁটা
কোথাও তুমি নেই।

আরো কবিতা পড়তে এখানে ক্লিক করুন। বীথি চট্টোপাধ্যায়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x