ভুল নিবেদন – মাকিদ হায়দার।

এই বয়সেই ভুল নিবেদন,
হায়রে প্রেমিক
চোখের কোনায় জমাট আঁধার
ভুল করেছো।

প্রতিবিম্বে নিজের ছায়া ধরতে গিয়ে
অমনি স্বভাব চড়ুই পাখির
খয়েরি ডানার শালিকগুলোর
প্রতিবিম্বের স্বভাব খোঁজে
প্রতিবিম্বের মুখের আদল।

এই বয়সেই ভুল নিবেদন,
ছেঁড়া মেঘের বর্ষা বাদল
আকাশ কাঁদে খোকার মতো
পাগলা দাশু আপন মনে
কয় যে কথা তারার সাথে।

হায়রে প্রেমিক,
অমল দেয়াল তুলছো কেন বুকের মাঝে
গভীর রাতে
আপন হাতে?

রাজ্য কেন বিয়ের বাঁশি
জোনাক কাঁদে আলোর লোভে
কুকুর কাঁদে গভীর শোকে।

হায়রে প্রেমিক,
এই বয়সেই ভুল নিবেদন
বুকের ভেতর জমাট পাথর
গলতে থাকে একা একাই
ভর দুপুরে রফিক আজাদ
হাওয়ার কাঁধে এলিয়ে শরীর
ভিনদেশি এক পরপুরুষের
ওষ্ঠ থেকে মুখের আগুন নিচ্ছে কেড়ে
দিচ্ছে বুকে বুকের জ্বালা।

হায়রে প্রেমিক,
এই বয়সেই ভুল নিবেদন
বটের নিচে লাল সালুতে
উদোম দেহে কয়টি মানুষ
লোহার বালা অঙ্গে জুড়ে।

বলছে কেঁদে,
প্রভুর আমার চাইরে প্রেমিক
লাল সালুতে প্রভুর শয়ান
প্রভু আমার পাগলা কানাই
শান বাঁধানো এই যে মাজার
গোলক ধাঁধার অসীম খেলায়
খেলছে সবাই পুতুল নাচের তালে তালে।

এই ভুবনে মিলছে নাকো সোনার মানুষ
শীতল পাটির অসীম স্নেহ
গই গেরামের দাদির আদর
মিষ্টি ঘ্রাণ চিতুই পিঠের।

হায়রে আমার দিন কেটে যায়,
অতীত পানে চোখ ফেরালেই
সুখের অতীত।
দেখতে পাবি সেদিন আজি
হায়রে প্রেমিক, অন্ধ প্রেমিক।

সামনে দেখি কুলি কামিন
ভদ্রবেশী শহরবাসী
মুখ ভর্তি চিন্তাগুলো
খুবলে খাচ্ছে সোনার মাছি,
মশকগুলো ডুবিয়ে শরীর নোংরা জলে
করছে যাপন জীবনযাত্রা
নিরিবিলি এই শহরে।

এই বয়সেই ভুল নিবেদন
নৌকা ভর্তি রূপোর ইলিশ,
খেয়ায় মাঝি ঘাটের দালাল
বাপের বাড়ির ইস্টি কুটুম
কুষ্ঠরোগী কাশেম আলী
মুর্খ বধির ফেরিঅলা
অবাক চোখে তাকিয়ে দেখে
রূপোর ইলিশ যাচ্ছে ছেড়ে স্বদেশ ভূমি
হায়রে প্রেমিক, হায়রে আমার অন্ধ প্রেমিক।

এই শহরে লোকগুলো ভাই
কেমন তরো
কামান ছিলো হাতের কাছে
বৈরী মেজাজ বুকের নিচে
তবু যে হায়
বর্গীরা সব লুটে নিলো, ভয় দেখিয়ে জুজুর ভয়ে
মারলো মানুষ, সোনার মানুষ।
হায়রে প্রেমিক, এই বয়সেও ভুল নিবেদন।

এই শহরের লোকগুলো ভাই
আদিম বোকা অন্ধ ফকির
পথের কাঙাল
আউশ আমন সোনার ফসল
চায়ের পাতা
পাটের জাহাজ
যায় চলে যায়
স্বদেশ ছেড়ে
ভিনদেশি এক সদাগরের বন্ধ ঘরে
এই বয়সেও ভুল নিবেদন,
হায়রে প্রেমিক, হায়রে প্রেমিক।

চাইরে আমার সবুজ শ্যামল
চাইরে আমার সোনার মানুষ
কোথায় পাব কোথায় গেলে
মিলবে তারে?

বলতে পারেন আহসান হাবীব
বলতে পারেন রফিক আজাদ
বলতে পারেন
বলতে পারেন
হায়রে প্রেমিক এই বয়সেও ভুল নিবেদন?

আরো কবিতা পড়তে ক্লিক করুন। মাকিদ হায়দারের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x