এক প্রেমিকের স্বপ্ন – সিকদার আমিনুল হক।

তোমাকে আমার চাই, এই কথা ভুলি না কখনো!
আপিসের দায় সেরে যখন রিকশায় বাড়ি ফিরি,
লাঞ্চে রেস্তোরাঁয় গিয়ে এই মন্ত্র জপি মনে মনে
তোমাকে আমার চাই। যে স্লোগান বেতন বাড়াতে
সচিবালয়ের গেটে আসে, তার সাথে ভিড়ে গিয়ে বলি
তোমাকে আমার চাই। সকালে গলির মোড়ে গিয়ে
সেলুনের শাদা ফেনা গালের কৌতুকে বসে গেলে

তখনো নিশ্চিন্তে বলি, তোমাকে আমার চাই! ঘরে
ফিরে গিয়ে ধারা জলে স্নান করি, তখনো একান্তে
জপি চাই। আজীবন নক্ষত্রের সাথে কথা বলি
যখন মোটরকার গাড়লের মতো যায় কেশে
আফ্রিকার মতো বুনো স্তব্ধ রাতে নগরের পথে
তখনো নিশ্চিন্তে বলি, চাই, তোমাকে আমার চাই।

জানি না তখন তুমি কী যে করো শীতাতপ ঘরে?
আমাকে ভাবো না এটা সত্য জানি, তবে কী যে ভাবো?
বয়সের ব্যাকরণ? কবে কোন সূর্যাস্ত দেখেছো
প্রাণহীন মফস্বলে। একটি বিড়াল আঙিনায়
শীতের দুপুরে জড়োসড়ো— পাশে কপিখেত;
একটি দুরন্ত মাছ ঘাই মারে নিস্তব্ধ পুকুরে।
মশারির ছাদ থেকে নামে না ঘুমের শাদা পরি—
কত রাত গেছে কেটে জ্যোৎস্নার বেনো জলে ভেসে।

তোমাকে আমার চাই অকপট প্রহরে-প্রহরে,
চাই খাঁ-খাঁ দিনে তুমি একমাত্র মেঘ হয়ে আসো
রুক্ষ-শুষ্ক স্তব্ধতায়; তুমি আসো নর্তকীর মতো
বিশাল উৎসুক মঞ্চে নাটকের অস্যখ বাঁচাতে।
চাই, আমি বলি চাই; যেভাবে বৃদ্ধেরা ফিরে চায়
রতির ক্ষমতা, আর জাহাজের খালাসি মাটির
সিকি চিহ্ন নীলিমার সরু পাড়ে, সেই মতো চাই।

অথচ কাটে না ভয়, সারা দিন শূন্যতায় কাটে।
সারা রাত জড়ো করি তোমার দ্ব্যর্থক কলরোল;
মুখস্থ আলাপ কিংবা টেলিফোনে সংলাপ রচনা
কতখানি পদাবলি! নাকি তুমি বাস্তবতা ছেড়ে
এখনো ওঠোনি মেঘে, তুমি নও ভেলা দূরগামী।

আরো কবিতা পড়তেক্লিক করুন।সিককদার আমিনুল হক।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x