যা যা হবার ছিল – সৌমিত্র চট্টোপাধ্যায়।

অনেকগুলো ঘটনার প্রতিশ্রুতি
শুনে আসছিলাম কত শতাব্দীতে
একবিংশ যখন এসে পৌঁছবে
তখন আগের পৃথিবীর মতো অনেক কিছুই আর ঘটবে না

যেমন নাকি ধরা যাক ‘যুদ্ধ’ –
সারা পৃথিবীতে শান্তি জ্যোৎস্নার মতো ছড়িয়ে থাকবে
এমন একটা আশ্বাস শোনা যেত

হতে পারে অনেকগুলো যুদ্ধের অভিজ্ঞতায়
গত শতাব্দীর বয়স একটু একটু করে বেড়ে উঠেছিল বলেই
তখন তার হাত পায়ের স্থিরতা কমে গেছে
যে কন্ঠ ইতিহাস থেকে দুঃখমোচনের আশ্বাস জানাচ্ছিল
তার নির্ঘোষ ছিল বার্ধক্যে কম্পমান

দু-একটা স্বাধীনতার খবর
ওই শতাব্দীটাকে আলো দিচ্ছিল বলেই কি
ভাবছিলাম একবিংশ শতাব্দী যখন এসে পৌঁছবে দাসত্বের শিকল
সকলের পা থেকেই খসে পড়বে
সব বর্ণের মানুষের
এমনকী নারীরও

লাবণ্য এসে ঢেকে দেবে
মন্বন্তরে ক্ষুধার্ত চামড়া ঢাকা কঙ্কালগুলোকে
অপরূপ বনাঞ্চল পাহাড়তলির থেকে
সব কিসিমের সন্ত্রাসের ছায়া
চিরদিনের মতো সরে যাবে

যা যা হবার ছিল
তার অনেকটাই হয়নি
শুধু দুই সহোদরা শতাব্দীর পর শতাব্দী
মানুষের ঘরবাড়ির কাছেই থেকে যাচ্ছে-
আশা আর ভালোবাসা।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সৌমিত্র চট্টোপাধ্যায়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x