মিটুনকে মনে নেই – আনিসুল হক।

মিটুনকে মনে নেই? ভুলে গেছ তাকে?
ওই যে শ্যামলা-মতো একহারা গড়ন ছেলেটি?
অবশ্য এমন কিছু ছিল না সে, যে, আলাদা করা যায়,
পাঁচ ফুট সাত ইঞ্চি লম্বা তেমন কিছুই নয়;
নাগরিক ভিড়ে যেতো একাকী হারিয়ে।

দু’চোখের কোলে তার কোমল কালিমা ছিল;
সন্ধ্যা যেন লেগেছিল সারাক্ষণ,
সারাদিন ছিল তাতে সূর্যাস্ত শুধুই।
অথবা ছিল কি তাতে পিচের সড়ক শোভা, মেঘেদের মায়া,
নয় তো যুগল কালো ব্যাজ ছিল গণ্ডদ্বয় ব্যেপে?

মিঠুনকে মনে নেই, ওই যে ছেলেটি মিছিলের মধ্যভাগে ফোটাত
স্লোগান।

আবার কখনো তাকে দেখা যেত নির্জনতা বুকে
দাঁড়িয়ে একাকী মাঠে, চারদিকে পোড়া ঘাস,
নীলিমা পুড়ছে সাথে, কী ভীষণ সুনীল প্রদাহ।

মিটুনকে মনে নেই, রুখো-চুলো আলাভোলা ওই যে ছেলেটি-
ইস্ত্রিহীন শার্টে তার ছিল ধূসরতা,
গায়ে তার কাদা-মাটি, ভূমিহীন কৃষকতা, বুকেতে ভাঙন,
বুকেতে নদীর ধস, তবু তার আস্থা ছিল প্রেমে পরিণয়ে;
মানুষের জাগরণে ছিল তার সমূহ বিশ্বাস।

শূন্যতার বিপরীতে সে ছিল যুধ্যমান;
বল পেনে শব্দ হেনে ভাঙতে সে চেয়েছিল সাদা পাতার শূন্যতা।

অবশেষে মিশে গেল শূন্যতায় সেও;
তাকে আজ মনে নেই, কারো মনে নেই!

আরো কবিতা পড়তে ক্লিক করুন। আনিসুল হকের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x