মানুষ মানুষের কাঁধে – নির্মলেন্দু গুণ।

মৃত ছিল, তবু ছিল চাদরে আবৃত গৃহপাশে;
ভিতরে সান্ত্বনা ছিল, আছে, আতর-গোলাপে মাখা
অনেক দিনের পুরোনো মানুষখানি।
হয়তো ভিতরে নেই প্রাণ, তবু হাত, তবু মুখ।
জীবনেরে পাশে ঠেলে হয়তো বা হয়েছে প্রধান মৃত্যু
তবু এখনো সে আছে গৃহপাশে, এটুকুই এখন সান্ত্বনা।

মানুষ জানে না তার অন্তরের মৌল পরিচয়, মনে হয়,
জীবিতকে নয়, মৃতকে সে অগোচরে বেশি ভালোবাসে।
পথে যেতে যার পানে কোনোদিন তাকায় নি কেহ,
মৃত্যু হলে পর মানুষের দয়া, প্রেম, করুণা ও স্নেহ
সে পায় অনেক অনায়াসে। ক্ষণস্থায়ী, তবু মিথ্যে নয়—;
মৃতকেই মানুষেরা ভালোবেসে করেছে অক্ষয় চিরকাল।

এখন আঙিনা শূন্য, দৃষ্টি কাঁপে দূরের বাতাসে,
অনূঢ়া কন্যার পাশে প্রিয়তম পিতা নেই আজ।
স্ত্রীর পাশ থেকে অন্তর্হিত স্বামী।
বন্ধু নেই, শত্রু নেই, শোকে মগ্ন প্রতিবেশী
কাঁধে করে নিয়ে গেছে তারে—, অন্তর্যামী আগুনে
আঁধারে, চিরকাল যেভাবে মানুষ মানুষেরে
ভালোবেসে দূরে রেখে আসে।

মৃতেরা থাকে না গৃহে বেশিক্ষণ, গৃহহীন আপনার
রেখে যায় তার স্পর্শ, স্মৃতি, প্রাণ
আপনার গৃহে ক্ষণস্থায়ী মনে হয়, তবু যতক্ষণ বেঁচে ছিল আর যতক্ষণ
মরে ছিল গৃহে, অন্তরালে দুটোই সমান।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। নির্মলেন্দু গুণের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x