কবিতার
খাতা

গোড়ায় ঈশ্বর এক ছিলেন।
তাতে তাঁর ভাল লাগল না। তিনি নিজেকে ভেঙে
দুই করে নিলেন। পুরুষ ও প্রকৃতি।
কৃষ্ণ ও রাধা। দুভাগ হয়ে একে অন্যের প্রতি
অমোঘ টানে লীলায় মেতে উঠলেন।
তখন থেকে ঈশ্বর সৃষ্টিময় রঙীন বর্ণময় হলেন।
এতে তাঁর মন কিছুদিন পর আক্ষেপে ভরে উঠলো।
তখন তিনি বহু দীর্ঘ সাধনায়
মানুষকে মানুষ বানাতে উঠে পড়ে লাগলেন।
মানুষের মনে প্রেম হলেন, মানুষের বিপন্নতায় ওষধি হলেন।
শোকে সান্ত্বনা হলেন। সুখে শিহরণ হলেন।

মানুষ এত খোঁজ রাখত না। রাখেও না।
সেভাবে-ঈশ্বর ফিশ্বর কেউ না। ওসব যত বুজরুকি।
ঠাকুর দেবতা, পীর পয়গম্বর। ওসব যত বানানো গপ্পো।
মানুষ তার নিজের দরকার মত পৃথিবী সাজালো।
যুদ্ধ, হিংসা, ঘৃণা, ঈর্ষা, পরশ্রীকাতরতা লোভ এইসব দিয়ে
মানুষ ঘর সাজালো।
মানুষ একে অন্যকে মেরে, দাবিয়ে খুশি হল।
মানুষ একে অন্যকে ধ্বংস করে আনন্দ পেল।
ঈশ্বর দুবেলা ভাবেনঃ সূর্যটা যদি নিভিয়ে দিই, কেমন হয়?
বাতাস যদি এখুনি ফিরিয়ে নিই, কেমন হয়।
আকাশ যদি চিরতরে অন্ধকারে ঢেকে দিই, কেমন হয়?
ভাবেন। কিন্তু এসব আর করে ওঠা হয়না।
ঈশ্বর বড় দুঃখ পান।

ওড়রঙ্গজেবের হাতে বন্দী বৃদ্ধ শাহাজাহানের মত তিনি
কেবল হাহুতাশ করেন। তাঁর দীর্ঘশ্বাসে পৃথিবীতে ক্রমেই তাপ বাড়ে।
আমরা যাকে শিক্ষিত ভাষায় বলি
গ্লোবাল ওয়ামিং।।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। শুভ দাশগুপ্তের কবিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *