ভাসান – মন্দাক্রান্তা সেন।

মেঝেতে, পুরনো ঘরে, পড়ে ছিল অগোছালো শাড়ি
যুবতীটি এমন আনাড়ি
সেটুকুও ফেলে রেখে মাঝরাত্রে পেরলো চৌকাঠ
সেখানে, ঘরের বাইরে, পড়ে ছিল অনিশ্চিত মাঠ…

যুবতীটি ভেবেছিল রোজ রাত্রে বিকোবার চেয়ে
একদিন অন্ধকার বেয়ে
চলে যাবে এই অন্ধকূপ থেকে দূরবর্তী ঘাটে
এ তার প্রথম ঘাট, নারীজন্ম ভেসে ভেসে কাটে…

সে ভারি নির্বোধ মেয়ে। অন্ধকার তার নৌকো নয়
নদীতেও বাঁকে বাঁকে ভয়
সাত ঘাটে ভাসতে গেলে সাঁতারও তো জানাটা জরুরি
অথচ যুবতী আজও ভাসতেই শেখেনি পুরোপুরি

যা হবার তাই হলো, মেয়ে যেই ডিঙি দিল খুলে
কোথা থেকে তখনই সমূলে
বেআব্রু শরীরে তার গিঁথে গেল আদিম পৃথিবী
অন্ধকার একা নয়, দলবদ্ধ তারা মৃতজীবী

গণধর্ষণের পর খোলা মাঠে পড়ে রইল লাশ
কন্ঠে ছেঁড়া ব্লাউজের ফাঁস
দু’তিনদিন পরে কারা লাশ পুঁতে গেল তাড়াতাড়ি

সে ঘরে নতুন মেয়ে, অঙ্গে সেই ছেড়ে যাওয়া শাড়ি…

আরো কবিতা পড়তে ক্লিক করুন। মন্দাক্রান্তা সেনের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x