ফিরে চাই স্বর্ণগ্রাম – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ।

গ্রাম থেকে উঠে এলো ক্ষেতের মানুষ
খরায় চামড়া-পোড়া মাটির নাহান,
গতরে ক্ষুধার চিন্‌ মলিন বেবাক,
শিকড় শুদ্ধ গ্রাম উঠে এলো পথে।
অভাবের ঝড়ে-ভাঙা মানুষের গাছ
আছড়ে পড়লো এসে পিচের শহরে।

সোনার যৈবন ছিলো নিওল শরীরে
নওল ভাতার ঘরে হাউসের ঘর,
আহারে নিঠুর বিধি কেড়ে নিলো সব—
সোনার শরীরে বেচে সোনার দোসর।

দারুন উজানি মাঝি বাঘের পাঞ্জা
চওড়া সিনায় যেন ঠ্যাকাবে তুফান।
আঁধার গতর জেলে, দরিয়ার পুত
বুকের মধ্যে শোনে গাঙের উথাল।

তাদের অচেনা লাশ চিনলো না কেউ
ঝাঁক ঝাঁক মাছি শুধু জানালো খবর।

বেওয়ারিশ কাকে বলো, কার পরিচয়?
বাংলার আকাশ চেনে, চেনে ওই জল
আমার সাকিন জানে নিশুতির তারা
চরের পাখিরা জানে পাড়-ভাঙা নদী
আমি এই খুনমাখা মাটির ওয়ারিশ।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x