দেখা হলে কেউ হাত বাড়ায় না – শ্রীজাত।

দেখা হলে কেউ হাত বাড়ায় না আজকাল,
সকলে কেমন খুব তাড়ায়, না, আজকাল?

অপেক্ষা ছেড়ে একাই এগোও সামনে,
কারওর জন্য কেউ দাঁড়ায় না আজকাল।

একদিন সে-ও বুনেছে কত-না নকশা…
ভাঙা মন কোনও জট ছাড়ায় না আজকাল।

নিজের সুবিধে বুঝিয়ে ছেড়েছে এই যুগ,
পাগলেও আর সাঁকো নাড়ায় না আজকাল।

গানগুলো কারা নিয়ে চলে গেছে দূর দেশ…
ছোটদেরও কেউ ঘুম পাড়ায় না আজকাল।

জীবন আমাকে ঘুরিয়ে মেরেছে একদিন,
আমিও বলছি তার সাড়ায় ‘না’, আজকাল।

অতীত কবেই ভুলে গেছে তার ডাকনাম…
শ্রীজাতও সেই পথ মাড়ায় না আজকাল।

দেখা হলে কেউ হাত বাড়ায় না আজকাল,
সকলে কেমন খুব তাড়ায়, না, আজকাল?

আরো কবিতা পড়তে ক্লিক করুন। শ্রীজাতের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x