আমাদের আর কখনো দেখা হবে না – সাদাত হোসাইন।

আমাদের আর কখনো দেখা হবে না।

যেখানে শেষ দেখা, সেখানে পড়ে থাকবে শিউলিফুল,
অথচ গন্ধ ছড়াবে রাফ্রেশিয়া। অলকানন্দা নামের যে নদী, সেও শুকিয়ে যাবে।
আর সেখানে জেগে উঠবে আদিগন্ত সাহারা।
আমাদের বুকের ভেতর ক্ষয়ে যেতে থাকবে স্মৃতির সৌধ।
জেগে উঠতে থাকবে আলোকবর্ষ পথ।

আমরা দূরে চলে যাব বিবর্ণ মেঘ, ধূসর কুয়াশা কিংবা দিগন্তরেখার মতো।
দূর থেকে দূরে। আরও দূরে।

আমাদের আর কখনোই দেখা হবে না। কথা হবে না।

প্রাচীন রোম, গ্রীস, মেসোপোটেমিয়া, কিংবা মাহেঞ্জোদারোর মতো
আমাদের ঝলমলে দিন, সৌকর্য ক্রমশ ঢেকে দিতে থাকবে সময়ের অমোঘ আলখাল্লা।
বিস্মৃতির অতলে ডুবে যেতে থাকবে আলো।
নেমে আসতে থাকবে অন্ধকার।
আমাদের দগদগে বেদনার ক্ষত হয়ে উঠতে থাকবে ক্রমক্ষয়িষ্ণু দাগ।
আর আমরা সময়ের ধুলোয় ঢেকে যাওয়া প্রাগৈতিহাসিক পাথরের মূর্তি, নির্বাক।

আমাদের আর কখনো দেখা হবে না।

যেখানে শেষ দেখা সেখানে পড়ে থাকবে
পুরোনো আতরের ঘ্রাণ, টুকরো হৃদয়, অনন্ত বিচ্ছেদ।

আর ক্রমশ জেগে উঠতে থাকবে অলঙ্ঘনীয় দূরত্বের প্রাচীন প্রাচীর।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সাদাত হোসাইনের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x