কবিতার খাতা
আবৃত্তিকার কি কেবল কবির লেখার বাহক নাকি একজন স্বাধীন স্রষ্টা!
একটি কবিতা যখন কেবল বইয়ের পাতায় কালো অক্ষরে বন্দি থাকে, তখন সেটি থাকে ঘুমন্ত। সেই কালো অক্ষরের সমাহারকে কণ্ঠের ছোঁয়ায় জাগিয়ে তুলে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়ার জাদুকরী কাজটাই করেন একজন আবৃত্তিকার। তবে এই শিল্প নিয়ে একটি চিরন্তন প্রশ্ন আছে—একজন আবৃত্তিকার-এর কাজ কি কেবল কবির লিখে যাওয়া কথাগুলো সুন্দর করে পড়ে শোনানো? তিনি কি কেবল কবির একজন প্রতিনিধি বা ভাবনার বাহক? নাকি তিনি নিজের মেধা, আবেগ এবং শৈল্পিক রুচি দিয়ে সেখানে নতুন কিছু তৈরি করেন?
আজকের এই লেখায় আমরা একজন আবৃত্তিকার এর সৃষ্টিশীলতার প্রতিটি ধাপ উন্মোচন করব।এই যেমন নতুনদের জন্য পথের দিশা দেবে, তেমনি অভিজ্ঞদেরও নতুন করে ভাবতে সাহায্য করবে বলে আমার বিশ্বাস।
Table of Contents
আবৃত্তিকার ও কবির সম্পর্ক: বাহক নাকি স্রষ্টাঃ
প্রথমেই আমাদের বুঝতে হবে কবিতা এবং আবৃত্তির মধ্যকার সম্পর্ক। কবি একটি কাঠামো তৈরি করেন, আর আবৃত্তিকার সেই কাঠামোতে প্রাণ প্রতিষ্ঠা করেন। অনেক সময় মনে করা হয়, কবি যেহেতু সব সৃষ্টি করে দিয়েছেন, আবৃত্তিকার-এর কাজ কেবল সেটি পড়া। কিন্তু বিষয়টি কি এতই সহজ! একটু দেখে নেই –
প্রতিনিধি হিসেবে আবৃত্তিকারের ভূমিকা – একদল মনে করেন, একজন আবৃত্তিকার-এর প্রধান কাজ হলো কবি/লেখকের প্রতি বিশ্বস্ত থাকা। কবি যা লিখেছেন, যে আবেগ দিয়ে লিখেছেন, হুবহু সেটাকেই দর্শকের কাছে পৌঁছে দেওয়া। এখানে তিনি একজন বাহক বা প্রতিনিধির মতো। যদি কবি বিদ্রোহের কবিতা লেখেন, তবে তাঁকে বিদ্রোহী হতে হবে; যদি কবি শোকের কথা বলেন, তবে তাঁকে ব্যথিত হতে হবে। এই দৃষ্টিভঙ্গিতে শিল্পী কেবল একটি মাধ্যম বা যন্ত্রের মতো কাজ করেন। আর যখন শিল্পী এই কাজটি করেন তখন তাকে বলা হয় ‘যান্ত্রিক পাঠ’। কিন্তু আবৃত্তি কি কেবল যান্ত্রিক পাঠ?
কেন তিনি কেবল বাহক নন? – বাস্তবতা হলো, প্রতিটি মানুষের কণ্ঠস্বর, জীবনবোধ এবং অভিজ্ঞতা আলাদা। একই কবিতা যখন ভিন্ন ভিন্ন আবৃত্তিকার পাঠ করেন, তখন তার স্বাদ বদলে যায়। এই যে নতুন স্বাদের জন্ম দেওয়া—এটাই প্রমাণ করে যে একজন আবৃত্তিকার কেবল বাহক নন বরং একজন কারিগর। তিনি কবির দেওয়া কাঁচামাল (শব্দ) দিয়ে কণ্ঠের এক নতুন ভাস্কর্য তৈরি করেন। কবি যদি হন স্থপতি, তবে আবৃত্তিকার হলেন অনেকটা ইন্টেরিয়র ডিজাইনারের মতো; যিনি সেই স্থাপনাকে শ্রোতার জন্য সুন্দর করে সাজিয়ে, গুছিয়ে আরামদায়ক করে উপস্থাপন করেন।
আবৃত্তিকারের সৃজনশীলতাঃ
কবির লেখা তো নির্দিষ্টই থাকে, তাহলে আবৃত্তিকার নতুন কী সৃষ্টি করছেন? চলুন এর প্রধান ৩টি দিক নিয়ে একটু বিশ্লেষণ করি।
নীরবতা বা বিরতির কারুকাজ (The Art of Pause)– কবিতার খাতায় কবি শব্দ লিখে যান আর তখন যেটা হয় কবিতা। কিন্তু শব্দের মাঝখানের বেশ কিছু অনুভূতি, নীরবতা এইসব থাকে, যা কবির লেখার অক্ষরে প্রকাশ করা সম্ভব নয়। কবি কিন্তু কোথাও লিখে যান না, কোন শব্দের পরে নিরাবতা অথবা Pause দিতে হবে। একজন আবৃত্তিকার তাঁর নিজস্ব বিচারবুদ্ধি দিয়ে ঠিক করেন কোথায় তিনি থামবেন কোথায় বিরতি দেবেন।
উদাহরণ: রবীন্দ্রনাথের ‘আফ্রিকা’ কবিতার কথা ভাবুন। “উদ্ব্রান্ত সেই আদিম যুগে”—এই লাইনের পর শিল্পী যদি তিন সেকেন্ড থামেন, তবে শ্রোতার মনে সেই আদিম যুগের শূন্যতা তৈরি হয়। এই নীরবতাটুকু কিন্তু আবৃত্তিকার নিজে সৃষ্টি করেছেন, এটি বইয়ের পাতায় কোথাও ছিল না। আবৃত্তিকারের দেয়া এই বিরতিটুকুই কবিতাকে এক অন্য উচ্চতায় নিয়ে যায়।
আবৃত্তিকারের সৃজনশীলতাঃ
কবির লেখা তো নির্দিষ্টই থাকে, তাহলে আবৃত্তিকার নতুন কী সৃষ্টি করছেন? চলুন এর প্রধান ৩টি দিক নিয়ে একটু বিশ্লেষণ করি।
নীরবতা বা বিরতির কারুকাজ (The Art of Pause) কবিতার খাতায় কবি শব্দ লিখে যান আর তখন যেটা তৈরি হয় তা হলো কবিতা। কিন্তু শব্দের মাঝখানের বেশ কিছু অনুভূতি আর নীরবতা থাকে, যা কবির লেখার অক্ষরে প্রকাশ করা সম্ভব নয়। কবি কিন্তু কোথাও লিখে যান না যে কোন শব্দের পরে নীরবতা অথবা বিরতি দিতে হবে। একজন আবৃত্তিকার তাঁর নিজস্ব বিচারবুদ্ধি ও রসবোধ দিয়ে ঠিক করেন কোথায় তিনি থামবেন এবং কোথায় বিরতি দেবেন।
- উদাহরণ: রবীন্দ্রনাথের ‘আফ্রিকা’ কবিতার কথা ভাবুন। “উদ্ব্রান্ত সেই আদিম যুগে”—এই লাইনের পর শিল্পী যদি দুই সেকেন্ড থামেন, তবে শ্রোতার মনে সেই আদিম যুগের শূন্যতা তৈরি হয়। এই নীরবতাটুকু কিন্তু আবৃত্তিকার নিজে সৃষ্টি করেছেন, এটি বইয়ের পাতায় কোথাও ছিল না। শিল্পীর দেওয়া এই বিরতিটুকুই কবিতাকে এক অন্য উচ্চতায় নিয়ে যায়।
কণ্ঠের কাজ (Vocal Texture) – একই ‘মা’ ডাক একজন শিশু যেভাবে দেয়, একজন বৃদ্ধ সেভাবে দেন না। একজন আবৃত্তিকার কবিতার প্রতিটি চরিত্রের জন্য কণ্ঠের ভাব ও রং বদলান। এই যে স্বরের কারুকাজ, যা দিয়ে শ্রোতার মনে আলাদা আলাদা ছবি তৈরি হয়—এটিই একজন শিল্পীর নিজস্ব সৃষ্টি। গলার স্বরকে কখনো মোটা করা, কখনো চিকন করা, কখনো আর্দ্র বা কখনো রুক্ষ করে তোলা—এর সবটুকুই একজন আবৃত্তিকার-এর নিজস্ব শৈলী।
অনুভূতির ব্যাখ্যা (Interpretation) অনেক সময় কবি যা ভেবে লিখেছেন, একজন আবৃত্তিকার তার চেয়েও গভীর কোনো অর্থ সেই কবিতায় খুঁজে পান। তিনি যখন সেই গভীরতা তাঁর কণ্ঠে ফুটিয়ে তোলেন, তখন শ্রোতা শিহরিত হয়। আবৃত্তিকার একজন কবির শব্দের ওপর দিয়ে নিজের অনুভূতির এক নতুন সেতু তৈরি করতে পারেন। একটি সহজ লাইনকেও ভিন্ন ভিন্ন শিল্পী ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করতে পারেন শুধুমাত্র তাঁদের কণ্ঠস্বরের ওঠানামা বা স্বরক্ষেপণের মাধ্যমে।
যখন আবৃত্তিকার হয়ে ওঠেন স্রষ্টাঃ
আবৃত্তি যে একটি স্বাধীন শিল্প এবং একজন আবৃত্তিকার যে প্রকৃতপক্ষেই একজন স্রষ্টা, তার সবচেয়ে বড় প্রমাণ হলো আমাদের অগ্রজ শিল্পীদের বৈচিত্র্যময় বাচনভঙ্গি। একই কবিতা একেকজন শিল্পীর কণ্ঠে একেকটি ভিন্ন শিল্পকর্মে রূপান্তরিত হয়।
শম্ভু মিত্র ও কণ্ঠের মহাকাব্যিক গাম্ভীর্য – শম্ভু মিত্র যখন আবৃত্তি করতেন, তখন প্রতিটি শব্দ যেন একেকটি জীবন্ত মূর্তি হয়ে উঠত। তিনি শব্দের ভেতরে থাকা নাটকীয়তাকে এমনভাবে ফুটিয়ে তুলতেন যে, মনে হতো আমরা চোখের সামনে কোনো জীবন্ত দৃশ্য দেখছি। তাঁর এই শৈলী ছিল সম্পূর্ণ তাঁর নিজের উদ্ভাবন। তিনি প্রমাণ করেছেন যে, কেবল কণ্ঠ দিয়েও মনের ভেতর একটি বিশাল মঞ্চ তৈরি করা সম্ভব।
ব্রততী বন্দ্যোপাধ্যায় ও মুনমুন মুখার্জী – নারীকণ্ঠের আবৃত্তিতে ব্রততী বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছেন এক অদ্ভুত সারল্য ও গভীরতা। তিনি যখন কোনো প্রেমের বা বিরহের কবিতা পড়েন, তাঁর কণ্ঠের সূক্ষ্ম কাঁপুনি আর আবেগ শ্রোতাকে অন্য এক জগতে নিয়ে যায়। অন্যদিকে, মুনমুন মুখার্জীর আবৃত্তিতে আমরা দেখি শব্দের সূক্ষ্ম কারুকাজ এবং স্বরক্ষেপণের দীর্ঘ ওঠানামা। এই দুই শিল্পীর কাজ বিশ্লেষণ করলে দেখা যায়, তাঁরা কেবল কবির শব্দ উচ্চারণ করেন না, বরং সেই শব্দের ওপর নিজেদের ব্যক্তিত্বের এক অনন্য ছাপ রেখে যান।
শিমুল মুস্তাফা ও বিদ্রোহের আধুনিক জয়গান – আবার শিমুল মুস্তাফার কথা ভাবলে আমরা দেখি এক বলিষ্ঠ এবং আধুনিক বাচনভঙ্গি। তিনি কবিতাকে মানুষের অধিকার আদায়ের ও সংগ্রামের হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। তাঁর গলার জোর এবং শব্দের ওপর শক্তিশালী নিয়ন্ত্রণ প্রমাণ করে যে, একজন আবৃত্তিকার চাইলে কবিতাকে সাধারণ মানুষের কাছে অনেক বেশি তেজস্বী ও শক্তিশালী করে তুলতে পারেন।
আবৃত্তিকারের সৃজনশীলতার ক্ষেত্র: যেখানে শব্দ কথা বলেঃ
আমরা এতক্ষণ দেখেছি যে শব্দের মাঝখানে নীরবতা, কণ্ঠের ওঠানামা, কণ্ঠের শব্দের অনুভূতিপূর্ণ উচ্চারণ আবৃত্তিকার-এর প্রধান অস্ত্র। অন্যদিকে তাঁর সৃজনশীলতা কিন্তু আরও গভীরে বিস্তৃত। কবি যখন কবিতা লেখেন, তিনি একটি ‘সুর’ কল্পনা করেন। কিন্তু সেই সুরকে ভিন্ন ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন একমাত্র আবৃত্তিকার।
কণ্ঠের বিস্তার (Projection of Voice) – একটি বড় মিলনায়তনের শেষ প্রান্তে বসা মানুষটির কাছেও যেন কবিতার প্রতিটি শব্দ অনুভূতির ছোঁয়ায় পৌঁছায়, সেই কারিগরিটুকু কেবল একজন আবৃত্তিকার-ই জানেন। শব্দকে ছুড়ে দেওয়া নয়, বরং শব্দকে ছড়িয়ে দেয়ার যে বিজ্ঞানসম্মত শিল্প, তা সম্পূর্ণ একজন আবৃত্তিকারের নিজস্ব ফসল। এটি কবির হাতে থাকে না; থাকে একমাত্র আবৃত্তিকারের হাতে।
শব্দের নমনীয়তা (Elasticity of Voice) – ধরুন কবি একটি শব্দ লিখেছেন “অসীম”। একজন আবৃত্তিকার তাঁর কণ্ঠের টানে সেই “অসীম” শব্দটিকে সত্যিই সীমাহীন এক অনুভবে রূপান্তর করতে পারেন, যা কবির লেখায় ওইভাবে নাও আসতে পারে। আবার সেই একই শব্দকে খুব ছোট করে এনে এক গভীর বিষণ্ণতা তৈরি করতে পারেন আবৃত্তিকার। শব্দের এই যে দৈর্ঘ্য কমানো বা বাড়ানো, যাকে আমরা নমনীয়তা বলি, তা-ই আবৃত্তিকার-কে একজন স্রষ্টা হিসেবে প্রতিষ্ঠিত করে।
আবৃত্তিকারের দায়বদ্ধতা: স্বাধীনতা বনাম বিশ্বস্ততাঃ
একজন শিল্পী হিসেবে আবৃত্তিকার স্বাধীন, কিন্তু সেই স্বাধীনতা কি সীমাহীন? এখানেই আবৃত্তিকারের নৈতিক দায়বদ্ধতা।
কবিতার আত্মার প্রতি শ্রদ্ধা – কবি যখন কোনো কবিতা লেখেন, তার একটি নির্দিষ্ট অনুভূতি থাকে। একজন আবৃত্তিকার সেই অনুভূতিকে সম্মান জানিয়েই তাঁর সৃজনশীলতা দেখাবেন।
- উদাহরণ: আপনি যখন নজরুলের “বিদ্রোহী” পড়ছেন, তখন আপনার কণ্ঠে আগ্নেয়গিরির লাভা থাকতে হবে। সেখানে যদি আপনি খুব মিহি সুর বা কোমলতা আনেন, তবে সেটি আপনার সৃজনশীলতা নয়, বরং কবিতার আত্মার অবমাননা।
কবি ও আবৃত্তিকারের মনস্তাত্ত্বিক আদান-প্রদান – অনেক সময় কবি বেঁচে থাকাকালীন তাঁর সামনেই আবৃত্তি করা হয়। কবি হয়তো কোনো একটি শব্দে এক ধরণের ব্যথা বোঝাতে চেয়েছেন, কিন্তু আবৃত্তিকার তাঁর কণ্ঠে সেখানে প্রতিবাদের সুর আনলেন। যদি সেই প্রতিবাদ কবিতার সামগ্রিক ভাবের সাথে মিলে যায়, তখন দেখবেন কবির ভাবনার গতি মুগ্ধতার দিকে যাচ্ছে। আর এখানেই একজন আবৃত্তিকার কবির সীমাবদ্ধতাকে ছাড়িয়ে যান।
বাস্তব কবিতার ব্যবচ্ছেদ: আবৃত্তিকারের দৃষ্টিভঙ্গিঃ
চলুন দেখা যাক, একজন সাধারণ পাঠক এবং একজন দক্ষ আবৃত্তিকার-এর পাঠের মধ্যে তফাতটা কোথায়।
জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ -একজন সাধারণ পাঠক পড়বেন— “হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে”। কিন্তু একজন আবৃত্তিকার যখন এটি শুরু করবেন, তাঁর কণ্ঠে থাকবে কয়েক হাজার বছরের ক্লান্তি। “হাজার” শব্দটির ওপর তিনি এমন একটা টান দেবেন যেন শ্রোতা সত্যিই সময়ের বিশালতা অনুভব করতে পারেন। এই যে সময়ের ভার কণ্ঠে তুলে নেওয়া—এটিই একজন আবৃত্তিকার-এর মূল কাজ।
সুকান্ত ভট্টাচার্যের ‘আঠারো বছর বয়স’ – এই কবিতায় প্রতিটি লাইনে তেজ এবং গতি প্রয়োজন। একজন আবৃত্তিকার এখানে তাঁর শ্বাসকে এমনভাবে নিয়ন্ত্রণ করবেন যেন পুরো কবিতাটি একটি ঝোড়ো হাওয়ার মতো বয়ে যায়। আর এই গতির সঞ্চার করাটাই হলো আবৃত্তি শিল্পীর সৃষ্টি।
এক অবিনশ্বর সৃষ্টির নাম আবৃত্তি, আর এই সৃষ্টির স্রষ্টার নাম আবৃত্তিকারঃ
পরিশেষে আমরা বলতে পারি, একজন আবৃত্তিকার কেবল কবির কথাগুলো বয়ে নিয়ে যাওয়ার মানুষ নন, তিনি সেই কথার ওপর দিয়ে নিজের আবেগের সেতু তৈরি করে শ্রোতাকে নিয়ে যেতে পারেন অন্য এক ভুবনে। একজন আবৃত্তিকার একাধারে কবির প্রতিনিধি এবং এক নতুন অনুভূতির স্রষ্টা। কবির শব্দ যখন আবৃত্তি শিল্পীর কণ্ঠে নতুন অর্থ পায়, তখনই সার্থক হয় একটি কবিতা, সার্থক হয় একজন আবৃত্তিকার-এর জীবন।
তাই শিল্পের এই জয়যাত্রায় আবৃত্তিকার চিরকালই একজন রূপকার হিসেবে নিজ অবস্থানে উজ্জ্বল হয়ে থাকেন। তিনি কবির মনের ভাব বহন করেন ঠিকই, কিন্তু সেই ভাব প্রকাশের সময় তাঁর কণ্ঠের মায়া আর আবেগ শ্রোতাকে নতুন করে ভাবতে বাধ্য করে। এটাই আসল আবৃত্তির ম্যাজিক।
রুমানা ইয়াসমিন শাওন ।
( চলবে )






