মৃত্যুরে বেসেছি ভালো – জীবনানন্দ দাশ।

মৃত্যুরে বেসেছি ভালো সকলের আগে আমি,—মৃত্যুরে তবুও করে ভয়;
কখন অনেক পথ ঘুরে এসে ক্লান্ত হয়ে তারপর আর একবার
আমার শীতল হাত খুঁজে তুমি—ভুল করে মরণের কাস্তের ধার
হৃদয়ে তুলিয়া লবে; —জেগে আছি তাই আমি,—অন্তরের সকল বিষয়
ছড়ায়ে রেখেছি আজ; —কখন আসিবে তুমি, —কোথায় পায়ের শব্দ হয়,—
অপেক্ষায় বসে আছি; —যদিও লেগেছে ভালো মৃত্যু আর মৃত্যুর আঁধার!
ঘুমের সময় তবু সব শেষে, —তার আগে পৃথিবীতে জেগে প্রতীক্ষার
অনেক সময় থাকে,—অনেক আড়ষ্ট রাত তার আগে মাঠে পড়ে রয়!

তার আগে আকাশের কাছে ঢের প্রশ্ন থাকে, —নক্ষত্রের সাথে কত কথা
থেকে যায়, —পৃথিবীর পথে-পথে মিছেমিছি হাঁটিবার কত অবসর
পড়ে থাকে; —তার আগে মৃত্যু নয়,—কেবল মৃত্যুর মতো এক নিঃশব্দতা
আপনার স্থল খুঁজে চেপে থাকে পথিকের হৃদয়ের পর;
যতদিন জেগে আছি পৃথিবীতে তুমি তবু আসিলে না কেন বল তো তা,—
তুমি বলিলে না কিছু,—প্রশ্ন করি, —আকাশের নক্ষত্রও দিল না উত্তর!

আরো কবিতা পড়তে ক্লিক করুন। জীবনানন্দ দাশের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x