এখন আকাশে চাঁদ নেই – আসাদ চৌধুরী।

ছায়াদের সাথে কথা হবে আজ
দীর্ঘক্ষণ ধ’রে অনেক জরুরী কথা হবে।
নৈশভোজ সাঙ্গ হ’লে সাথে সাথে চাঁদ ডুবে যায়
(অবিশ্বাস্য মনে হবে, হ’তে পারে
কিন্তু ঘটেছিলো তাই)
তাই, এখন আকাশে চাঁদ নেই।
গাছেদের, পাখিদের, মানুষের ছায়াটায়া নেই,
অন্ধকারে, গভীর আধাঁরে নিসর্গ মূলত শ্রুতি-সহযোগী।
জলের অস্পষ্ট ধ্বনি বৈঠার আঘাত
জলের সঙ্গীত তুলে ধরে।
ছায়াদের সাথে কথা হবে এইবার
দীর্ঘক্ষণ ধরে অনেক জরুরী কথা জমে আছে মনে।
ঝড় হবে? হোক।
জাহাজ ভুলবে পথ? ভুলে-টুলে যাক।
কথা হবে গাঢ়স্বরে অন্তরঙ্গ কথা।
ছায়াদের দাবি আছে? নাকি নেই?
সংগঠন আছে? সংগঠনে ভাগাভাগি আছে?
বন্ধনীতে আদ্যাক্ষর থাকে?
এইসব ভীষণ জরুরী কথা হবে আজ রাতে।
অন্ধকারে ছায়াদের সাথে কথা বলা ভালো,
বৃক্ষও মানুষের মতো মানুষের হ’য়ে কথা কয়
মানুষ মনের ভুলে নাকি শখ ক’রে
পাখি হয়, মাছ হয়, হরিণের বড় চোখ হয়;
দোকানের মাচানের ছায়াগুলো
ভীষণ বাচাল হ’য়ে ওঠে বড়ো বেশি বাচালতা করে।
শুধু গরীব ঘরের কিশোরী মেয়েটি নিজের ছায়াকে ভয় পায়।
কেন ভয় পায়?
মৃতদের ছায়া নেই, হয়তো আছে, এই অন্ধকারে
সামান্য জিজ্ঞাসা, তোমনা। ক সুখে আছ?
অন্ধকার নিজেই প্রার্থনা করে ছায়াদের সাথে।

আরো কবিতা পড়ুন কবিতার খাতায়। আসাদ চৌধুরীর কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x