একজন বিভা – অসীম সাহা।

তোমাকে কথা দিয়েছিলাম বিভা, কাল সকালে তোমার সঙ্গে দেখা হবে।
অপরাহ্ণে কালো মাটির পাহাড়ের পেছনে সূর্য যখন
খুব ক্লান্ত পায়ে হেঁটে চলে গেলো
তখন আকাশ-ছোঁয়া রেস্ট হাউসের ঢালু খাড়ি বেয়ে নামতে নামতে
মাঝপথে তোমার সঙ্গে দেখা হলো একঝলক;
এই প্রথম আমি বুঝলাম, পাহাড়ের অবর্ণনীয় পটভূমিতে
তুমি কতো সুন্দর হয়ে উঠতে পারো।

সারা রাত রেস্ট হাউসের নিঃসঙ্গ ছাদের উপরে
মেঘের হালকা আবরণে ঢেকে থাকা চাঁদের স্নান ছায়ায়
যখন দূরের শরীরী পাহাড়গুলো আমাকে আচ্ছন্ন করে রাখলো,
তখন আমি আমার সম্পূর্ণ অস্তিত্ব জুড়ে শুধু তুমি,
শুধু তুমি, শুধু তোমাকেই দেখলাম;
তুমি খুব ক্লান্ত হয়ে, ধীরে, পা টেনে টেনে উঠে এলে
আকাশ-ছোঁয়া সেই রেস্ট হাইসে;
আমি দেখলাম, নীরবে শাওয়ার ছেড়ে
তুমি তোমার সম্পূর্ণ সৌন্দর্য অনাবৃত করে স্নান করলে;
আমাকে দেখেও তুমি আবৃত করলে না তোমার শরীর
তোমার স্পর্শহীন যুগল পৃথিবীর ওপর
আমার চোখ চিরকালের জন্যে থমকে থাকলেও
তুমি লজ্জা পেয়ে চকিতে সরালে না বেয়াড়া আঁচল;
আমি আমার প্রথম পাহাড় দেখার অভিজ্ঞতার মতো
তোমাকেও অপলক চেয়ে চেয়ে দেখলাম।
ঠাণ্ডা, হিমেল হাওয়ার তির্যক্ অনুভব
শিরশির করে উঠলো গা,
আর অজ্ঞাত ঝর্নার কলকল ধ্বনি
আমাকে কেমন বিমূঢ় করে দিলো;
আচ্ছন্নতার মধ্যে আমার দু’টো দিন কেমন করে কাটলো,
আমি জানি না।

কথা ছিলো, তুমি খুব সকালে পাহাড়ের ওপার থেকে
সূর্যকে সঙ্গী করে চলে আসবে আমার কাছে,
আমার এই নিঃসঙ্গ রেস্ট হাউসে।
আমি তোমাকে কথা দিয়েছিলাম;
অথচ আমি আমার কথা রাখতে পারিনি বিভা।
অনেক রাতে যখন পাহাড়গুলো ভালোবাসার আবেগে
এক অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে
দূর থেকে অভূতপূর্ব কোরাসের মতো ভেসে আসছে ঝিঁঝির ডাক,
তখন আমি খুব চুপি চুপি পাহাড়ের ঢালু খাঁড়ি বেয়ে
চলে এসেছি তোমার কাছ থেকে অনেক দূরে।
তুমি কি আমাকে ভুল বুঝেছো বিভা?
তুমি কি ভেবেছো কবিরা সত্যের মুখোমুখি হতে ভয় পায়?
কবিদের বিশ্বাসের শিকড় থেকে মাটি সরে যাচ্ছে খুব দ্রুত?
কাপুরুষের মতো পালিয়ে যাওয়াই কবিদের একমাত্র স্বভাব?
আমি জানি, তুমি এ রকমই ভাববে।

তোমার বুকে আমি পাহাড়ি ঝর্নার
এক অজ্ঞাত শব্দ শুনেছিলাম,
তোমার চোখে দেখেছিলাম বন্যহরিণীর চঞ্চলতা;
তোমার সারা অঙ্গে উঁচু-নিচু পাহাড়ের উদ্ধত আবেগ
তুমি আমাকে তোমার দেহের বাঁকে বাঁকে দেখিয়েছো উজ্জ্বল সী-বীচ
তুমি প্রাণপণ আমাকে টেনেছো তোমার দিকেই,
তারপরও আমি পারিনি।
আমি খুব গভীর রাতে তোমাকে কিছু না জানিয়েই
আমার একাকী, অস্থির পৃথিবীতে চলে এসেছি
সঙ্গে নিয়ে এসেছি অজস্র পাহাড়ের পটভূমিতে
অপরাহ্ণের অস্তমিত সূর্যের শেষ আলো,
আর তোমার সেই স্নিগ্ধ কন্ঠস্বরে ঝংকৃত
দু’টি মাত্র শব্দ: ‘আমি বিভা’।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। অসীম সাহার কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x