অমরতার কথা – অরুণ মিত্র।

বাসনগুলো একসময় জলতরঙ্গের মতো বেজে উঠবে।
তার ঢেউ দেয়াল ছাপিয়ে পৃথিবীকে ঘিরে ফেলবে।
তখন হয়ত এই ঘরের চিহ্ন পাওয়া যাবে না।
তবু আশ্চর্যকে জেনো।
জেনো এইখানেই আমার হাহাকারের বুকে গাঢ় গুঞ্জন ছিলো।

আমার বদ্ধ বাতাসে যে-গান পাষাণ হয়ে থাকে
তা ভেঙ্গে ছিটিয়ে পড়ুক,
কল্পনার স্বর সমুদ্র হোক এই আশায় আমি অথৈ।
অবিশ্রাম অনুরণনে পাঁচিল ধ্বসে যাবে, কলরোলে ভিটেমাটি তলাবে।
তখন ঘূর্ণির পাকে বুঝে নিয়ো কোথায় সেই বিন্দু
যেখান থেকে জীবন ছড়িয়ে পড়লো মৃত্যুর গহ্বরে।

কাঠকুটো আসবাব আবার বন্য হ’য়ে উঠবে।
ওরা কচি পাতার ঝিলিমিলি মুড়ে ঝিমোয়,
ভিতরে ভিতরে কোথায় হারিয়ে থাকে অঙ্কুরের ঝাপটানি।
তবু সূর্য ডুবলে আমার চোখে বার-বার ঘনিয়ে আসে বন।

ওরা আবার বন্য হ’য়ে উঠবে।
আমার ছাত দেয়াল মেঝের শূন্যতা ভ’রে অরণ্য জাগবে।
সবুজের প্রতাপে এই শুকনো কাঠামো চূর্ণ হবে।
সেই ধ্বংসের গহনে খুঁজে নিয়ো আমার বসতি,
সেখানে পোড়া মাটি-ইটের ভিতরে রস ছিল অমৃতের মতো।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। অরুণ মিত্রের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x