স্বেচ্ছামৃত্যুর অধিকার তোমার নেই – রবিশঙ্কর মৈত্রী।

তুমি কি নিজে নিজে জন্মগ্রহণ করেছ?
তোমার মধ্যে যে আত্মা ও সত্তা বাস করে
সে কি তোমার নিজের, একার?
তবে তুমি কাকে হত্যা করতে চাও?
জন্ম তুমি নিতে পারো না নিজে
জন্ম তুমি দিতে পারো নিজে
স্বেচ্ছামৃত্যুর অধিকারও তোমার নেই।

তোমার আকাশকে সীমিত কোরো না
সীমানাটানা আকাশে হঠাৎ
এক অদ্ভুত সন্ধ্যা নামে
সব পথ যখন ধূসর হয়ে যায়,
তখন ক্লান্ত অবসন্ন মন বলে–
এখানেই শেষ করি সব।

দিগন্তের দৃষ্টি রাখো
অনুমান করো. ওখানেই বসে আছেন ঋষি
তাঁর বাণী ভেসে আসছে, শুনতে পাচ্ছ?
‘‘তুমি তো কেবল ক্ষণিক দুঃখ নও,
তুমি সেই গভীর সত্তা
তোমার মধ্যে জ্বলছে অনন্তের আলো।

মেঘ যেমন কখনো সূর্যকে ঢাকতে পারে না
শুধু তার মুখ আড়াল করে দাঁড়ায়
তেমনি দুঃখও তোমার আলোকে
মুছে দিতে পারে না।

তুমি কেন নিজেরই প্রদীপ
নিজের হাতে নিভিয়ে দিতে চাও?
রাত্রির বুক চিরে জন্ম নেয় একেকেটি ভোর
অন্ধকার মাটির গভীর থেকে
জন্ম নেয় বৃক্ষ তরুলতা ফুল ফল।
মানুষও শান্ত হলে মাটি হয়ে যায়
তোমার মাটিতে আবাদ করো
বিশ্বাস ভালোবাসা।

উঠে দাঁড়াও, জেগে ওঠো,
অন্ধকারের দরজা পেরিয়ে
বাগানের দিকে চলো।

জীবন কেবল বেঁচে থাকা নয়—
জীবন এক যাত্রা,
এখানে মানুষের অন্তরে
জন্ম নেয় আনন্দকুসুম।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। রবিশঙ্কর মৈত্রী।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x