স্বাধীনতার মানে – ভবানী প্রসাদ মজুমদার

যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়
যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে , পালক ছাড়ায়,
যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা-গেলাস-বাটি
যে ছেলেরা সারাজীবন খায় লাথি-কিল-চড় ও চাঁটি !
ওদের কাছে প্রশ্ন কোরো, ওরা কি কেউ সত্যি জানে
“স্বাধীনতা” কাকে বলে , স্বাধীনতার সঠিক মানে ?

যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে
যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে , বাসন মাজে,
যে মেয়েটা গোবর কুড়োয় , ঘুঁটেও দেয় , কয়লা বাছে
যে মেয়েরা পায়না আদর সারাজীবন কারোই কাছে !
ওদের কাছে প্রশ্ন কোরো , ওরা কি কেউ সত্যি জানে
“স্বাধীনতা” দেখতে কেমন ? স্বাধীনতার সঠিক মানে?

যে ছেলেরা রাস্তা ঘাটে করছে পালিশ পরের জুতো
যে ছেলেরা ট্রেনের হকার , খাচ্ছে রোজই লোকের গুঁতো ,
লজেন্স খাওয়ার বয়স যাদের , করছে তারাই লজেন্স ফেরি
যাদের বুকে সূর্য ওঠার , গোলাপ ফোটার অনেক দেরি !
ওদের কাছে প্রশ্ন কোরো , ওরা কি কেউ সত্যি জানে
“স্বাধীনতা” জিনিসটা কি ? স্বাধীনতার সঠিক মানে?

স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি
স্বাধীনতার মানে বুঝেই চাঁদ তারাদের পরায় রাখি,
স্বাধীনতার মানে বোঝে পাহাড়-সাগর-ঝর্না-নদী
স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি ।
স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে
স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল ছেঁড়া পাখির গানে !

1 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
PRIYOJIT RUDRA
PRIYOJIT RUDRA
3 months ago

Very nice

📢 জরুরি আপডেট: আমাদের সাইটে বর্তমানে টেকনিক্যাল রক্ষণাবেক্ষণ চলছে। ভিজিটরদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।
🛡️

নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ আপডেট

প্রিয় ভিজিটর, আমাদের ওয়েবসাইটে সম্প্রতি কিছু অননুমোদিত বা স্প্যাম পোস্ট দৃশ্যমান হচ্ছে। আমাদের টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে এবং খুব শীঘ্রই সাইটটি সম্পূর্ণ স্বাভাবিক ও সুরক্ষিত অবস্থায় ফিরিয়ে আনা হবে।

✅ নিরাপত্তা নিশ্চিতকরণ: সাইট ভিজিট করলে বা কোনো কনটেন্ট পড়লে আপনার ডিভাইস, ব্রাউজার বা ব্যক্তিগত তথ্যের কোনো ধরনের ক্ষতি বা ঝুঁকি নেই। আপনারা সম্পূর্ণ নিরাপদে ব্রাউজ করতে পারেন।
1
0
Would love your thoughts, please comment.x
()
x