যুগলসন্ধি – আবুল হাসান।

দেখা হলো যদি আমাদের দুর্দিনে
আমি চুম্বনে চাইব না অমরতা!
আমাদের প্রেম হোক বিষে জর্জর
সর্পচূড়ায় আমরা তো বাঁধি বাসা।

থাকুক দু’চোখে দুর্ভিক্ষের দাহ,
ঝরুক আবার আন্ধার আধিব্যাধি
আমাদের প্রেম না পেল কবির ভাষা
কাব্যচূড়ায় আমরা তো বাঁধি বাসা।

আমি খুঁড়ব না দু’চোখে দীর্ঘ জল,
ভাঙা যৌবন চিৎকার যদি করে,
কাজ নেই আর উল্টো নদীর বেগে,
অনাবেগে হোক আমাদের যাওয়া আসা!

কাজ নেই আর আবেগের কড়চায়
ভুলে যাও কবে ফুটত বকুল ফুল।
না হয় আমিই হব তার প্রতিনিধি
ক্ষতি কী, তুমি তো আছই বকুলতলা!

আমি যদি চাই যেতে ফের দক্ষিণে
তুমি বলে দিও ঘরে বাড়ন্ত চাল!
শুনব না আর নকল নদীর গান,
তার চেয়ে তুমি কাঁকনে কাঁদন তুলো!

বিঁধুক এ বুক তোমাতে কান্নাময়!
আমি নিষেধের অঙ্গুলি তুলব না,
অকালের প্রেমে শুভকাল হলে হোক
আমাদের ক্ষণজীবনের ক্ষণক্রন্দন!

দেখা হলো যদি আমাদের দুর্দিনে
আমি চুম্বনে চাইব না অমরতা!
আমাদের প্রেম হোক বিষে জর্জর
সর্পচূড়ায় আমরা তো বাঁধি বাসা!

ফুটুক তোমার অঙ্গে অগ্নিফুল
ক্ষতি কী, শরীরগ্রন্থিতে গেঁথে নেব
আমাদের প্রেম না পেল কবির ভাষা
কাব্যচূড়ায় আমরা তো বাঁধি বাসা।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। আবুল হাসান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x