মুখ – বুদ্ধদেব বসু ।

ঘোমটা টেনে দাও
ঘোমটা টেনে দাও তোমার মুখের উপর :
তোমার রূপ আমি সইতে পারিনে।

তোমার মুখ
নগ্ন, উৎসুক, সম্পূর্ণ-উদ্ভাসিত
যেখানে ঝলসাচ্ছে বিদ্যুৎ,
যেখানে ডানা ঝাপটাচ্ছে অদৃশ্য পাখি, আগুনের ঢেউয়ের মতো তার ডানার ওঠা-পড়া-
আমি তা কেমন ক’রে সইবো?

তোমার কি ভয় করে না,
ভয় করে না আমার কাছে এসে বসতে?
ভয় করে না চোখ তুলে তাকাতে আমার দিকে?
তোমার কি ভয় করে না যে আমি ম’রে যাবো?

ঘোমটা টেনে দাও
ঘোমটা টেনে দাও তোমার মুখের উপর-
তোমার মুখ আমাকে মারছে।

এত মধুর তুমি, এমন নরম – তোমার হাত
বার-বার আমার হাতের মধ্যে মিশে যেতে চায়,
গ’লে যেতে চায় মোমের মতো আগুনে;

তোমার সমস্ত শরীরের সৌরভ আমাকে জড়িয়ে ধরে,
আমার সমস্ত সত্তাকে জড়িয়ে ধরে তোমার চুল,
আর তুমি – তোমার দুই চোখের উৎস থেকে
বাসনার তারাময় স্রোত আমার উপর ঝরিয়ে দিয়ে বলো-
মৃদুস্বরে, অর্দ্ধস্ফুট স্বরে, তোমার ঐ ভাঙা-ভাঙা নরম গলায়
শুধু বলো – ‘কী’?

তুমি কি জানো সেই মুহূর্তে আমি ম’রে যেতে পারতুম?

তোমার মধুরতা, তোমার কোমলতা-
এর ভয়ঙ্কর ভার আমি সইবো কী ক’রে?
দুঃখ দাও
দুঃখ দাও আমাকে-
এই নববর্ষার ছোটো-ছোটো বৃষ্টির মতো
ধারালো দুঃখ আমার বুকের উপর নামুক :
যে বৃষ্টিতে জাগে প্রাণের অঙ্কুর,
মাটি সবুজে হেসে ওঠে,
যে-বৃষ্টি জ্বালিয়ে দেয় আশ্চর্য রামধনু
আকাশের প্রান্ত থেকে প্রান্তে।

ঘোমটা টেনে দাও।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। বুদ্ধদেব বসু ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x