একটু পা চালিয়ে ভাই – সুভাষ মুখোপাধ্যায়।

লেনিনকে আমরা দাঁড় করিয়ে রেখেছি ধর্মতলায়
ট্রামের গুমটির পাশে।
আস্তাকুড়ের ভাত একদল খুঁটে খুঁটে খাচ্ছে
ডাস্টবিনে হাত চালিয়ে দিয়ে।
লেনিন দেখছেন।

গ্রামের এক লোক শহরে ডাক্তার দেখিয়ে
সর্বস্বান্ত হতে এসেছিলো
তার আগেই তাকে সর্বস্বান্ত করে দিয়ে গেলো এক পকেটমার।
লেনিন দেখছেন।

সন্ধের মুখে যে মেয়েটাকে একটা ট্যাক্সি এসে
তুলে নিয়ে গিয়েছিলো
সন্ধে গড়িয়ে গেলে হাই তুলতে তুলতে
সে আবার এসে দাঁড়িয়েছে গাছতলায়।
লেনিন দেখছেন।

দাঁড়িয়ে থাকতে থাকতে লেনিনেরও খুব হাই পাচ্ছিলো।
হঠাৎ দেখলাম একটু নড়েচড়ে সোজা হয়ে দাঁড়ালেন।
যেদিকে তার নজর, সেই দিকে তাকিয়ে দেখলাম
লাল নিশান নিয়ে একদল মজদুরের এক বিশাল মিছিল আসছে।

আমার মনে হলো, লেনিন যেন
চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন—
শতাব্দী শেষ হয়ে আসছে,
একটু পা চালিয়ে ভাই, একটু পা চালিয়ে।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x