অয়ন – সুবোধ সরকার।

বাবা না মা
তুমি কার কাছে থাকবে?

কোন বালককে আমি এত বিষণ্ণ দেখিনি
তেজপাতার মতো তিরতির করে কাঁপছে তার আঙুল অয়ন,
তুমি কার কাছে থাকবে?

প্রথম যেদিন স্কুলে গিয়েছিল, এ পাশে ডুডাই, মানে বাবা ওপাশে মাসাই, মানে মা,
পেছন পেছন দাদু।
দাদু ঘাড়ে চাপিয়ে ঘুরে বেড়াত, আর বকা খেত
দিদার কাছে, ‘ছেলেটা পড়ে যাবে।’

প্রধান বিচারপতি গলার স্বর নামিয়ে বললেন
অয়ন, তুমি কোথায় থাকবে, হাতিবাগান না গড়িয়াহাট?

প্রথম যেদিন তাদের বাড়ি, পুলিশ এল
প্রথম যেদিন রাত্রে বাড়ি ফিরল না মা
প্রথম যেদিন বাবা তাকে থাপ্পর মারল
পরক্ষণেই বুকে জড়িয়ে বলল, সরি
প্রথম যেদিন আমি আদালত এলাম

দাদু কোথায়, দাদু কোথায়, দাদু
আমাকে যখন গাড়িতে তোলা হচ্ছিল,
আমি দেখলাম রাস্তার এ পাশে দাঁড়িয়ে ডুডাই
রাস্তার ও পাশে দাঁড়িয়ে মাসাই।

আজ নিয়ে তৃতীয় দিন এখানে এলাম
ওই তো মা, দূরে দাঁড়িয়ে বাবা
কত লোক, এত লোক কেন?
একজন এসে আমার চুল আঁচড়ে দিয়ে গেল
বিচারপতি গলার স্বর নামিয়ে বললেন
তুমি কার কাছে থাকবে, বলো?
অয়ন বলল, ‘একদিন বাবার কাছে, একদিন মা-র কাছে।’

বলেই তার মনে হল
দাদু তাকে কাঁধে চাপিয়ে দৌড়চ্ছেন,
আর দিদা চেঁচাচ্ছেন ‘নামাও, নামাও, ছেলেটা পড়ে যাবে।’
বুড়ো দিদা তাহলে ঠিকই বলেছিলেন, ছেলেটা পড়ে যাবে।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। সুবোধ সরকারের কবিতা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x