একগুচ্ছ চাবি – সলিল চৌধুরী

উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু-একগুচ্ছ চাবি
ছোট বড়ো মোটা বেঁটে নানা রকমের নানা ধরনের চাবি।
মা বললেন, যত্ন করে তুলে রেখে দাও।

তারপর যখন বয়স বাড়ল
জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হল
পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি
ছোট বড়ো মোটা বেঁটে নানা রকমের নানা ধরনের চাবি।

কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকান্ড এক দরজা
আর তাতে ঝুলছে প্রকান্ড এক তালা;
পকেট থেকে চাবির গুচ্ছ বের করি
এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই লাগে না খোলে না।

শ্রান্ত হয়ে ঘরে ফিরি।
মা দেখেন আর হাসেন
বলেন, ওরে তোর বাবার হাতেও ঐ চাবি দিয়ে
দরজাগুলো খোলে নি।

শুনেছি, নাকি তাঁর বাবার হাতে খুলতো;

আসল কথা কী জানিস্
ঐ সব চাবিগুলো হল সত্যের, সততার, যুক্তির নিষ্ঠার-
আজকাল ঐ সব চাবি দিয়ে কোনো দরজা খোলে না

তবু তুই ফেলে দিস না যত্ন করে তুলে রেখে দিস।
তুইও যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস্
ঐ সব চাবির গুচ্ছ
হয়তো তাদের হাতে
আবার একদিন

ঐ সব চাবি দিয়ে
ঐ সব দরজাগুলো খুলে যাবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
0
Would love your thoughts, please comment.x
()
x